বিশ্বে প্রতিনিয়ত সাইবার আক্রমণের ঘটনা ঘটছে। এখন শুধু সরকারি ওয়েবসাইট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে হামলার শিকার হচ্ছে তা নয়। শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে শুরু করে সব দিকেই ছড়িয়ে পড়ছে এ আক্রমণ। বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় আকারে স্পোর্টস ইভেন্ট আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, এ ধরনের ইভেন্টগুলো এখন সহজেই সাইবার আক্রমণের শিকার হয়ে উঠছে। খবর টেকটাইমস।

মার্কিন প্রযুক্তি জায়ান্টটি এক সতর্কবার্তায় জানায়, আক্রমণকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে। এসব ইভেন্টে আক্রমণ হলে অংশগ্রহণকারী, আয়োজনকারী থেকে শুরু করে যারা উপভোগ করতে আসবেন সবাই ক্ষতিগ্রস্ত হবেন। মাইক্রোসফট পরিচালিত নতুন জরিপে দেখা যায়, হ্যাকাররা বর্তমানে সাইবার হামলা চালানোর জন্য স্পোর্টস ইভেন্টকে শিকারে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। রেডমন্ডভিত্তিক সংস্থাটি সাইবার সিগন্যাল প্রতিবেদনে জানায়, আক্রমণকারীরা আরো দক্ষ হয়ে উঠছে এবং স্পোর্টস ইভেন্টের অবকাঠামোয় অনুপ্রবেশ করছে।

সাম্প্রতিক বছরগুলোয় হ্যাকাররা বড় ধরনের স্পোর্টস ক্লাব বা সংস্থা ও আয়োজিত ইভেন্টে আক্রমণ চালানো শুরু করেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) তথ্যানুযায়ী, স্পোর্টস ইভেন্ট নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০ শতাংশই প্রতি বছর একবার সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।

মাইক্রোসফটের তথ্যানুযায়ী, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আসরেও সাইবার হামলা হওয়ার গুঞ্জন রয়েছে। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, আক্রমণকারীরা এ আয়োজনের সিস্টেমে অনুপ্রবেশ করতে চেয়েছিল। মাইক্রোসফটে সিকিউরিটি রিসার্চ প্রিন্সিপাল গ্রুপের ম্যানেজার জাস্টিন টার্নার ইনফোসিকিউরিটিকে জানান, গত বছরের আক্রমণে হ্যাকাররা পরিচয়ভিত্তিক হামলা চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

টার্নার আরো বলেন, ‘আমরা যা দেখেছি তা সামঞ্জস্যপূর্ণ ছিল। সাইবার আক্রমণকারীরা বড় ইভেন্টে হামলা চালানোর জন্য সিস্টেমে থাকা ত্রুটি সন্ধান করতে সক্ষম হয়েছে।’

স্পোর্টস ইভেন্টে যে সিস্টেম থাকে সেটি অনেক বিস্তৃত থাকে এবং এর সুরক্ষা নিশ্চিত করাও কঠিন। যে কারণে এর সুরক্ষা নিশ্চিত করা ও তথ্য পাচার রোধে চ্যালেঞ্জ রয়েছে। টেকরাডারের তথ্যানুযায়ী, হ্যাকাররা আইটি সিস্টেমে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার মাধ্যমে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নিয়ে থাকে। এর আগে সংঘটিত কিছু সাইবার আক্রমণে দর্শনার্থীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া, বিক্রি করে দেয়াসহ বিভিন্ন ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত বেশকিছু স্পোর্টস ইভেন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং ২০২১ সালে হাউজটন রকেট র‍্যানসমওয়্যার আক্রমণের মাধ্যমে ৫০০ জিবি তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল।

এসব ঘটনা ছাড়াও এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, সাইবার আক্রমণের ঝুঁকি থাকায় বেইজিং উইন্টার অলিম্পিকসে দর্শনার্থীরা নিজস্ব স্মার্টফোনের পরিবর্তে বার্নার ফোন ব্যবহার করবে। মাইক্রোসফটের মতে, সাইবার আক্রমণের ঝুঁকি কমাতে ভালো স্পোর্টস ভেন্যু নির্বাচন করতে হবে। পাশাপাশি ডিজিটাল অবকাঠামোকে আরো উন্নত করা প্রয়োজন। এতে করে সাইবার হামলাকারীরা সহজে আক্রমণ করতে পারবে না।