মেসেজ থ্রেডস নামে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাটি কথোপকথন ট্র্যাক করা আরো সহজ করবে বলে দাবি মেসেজিং প্লাটফর্মটির। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে মেসেজ থ্রেড সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সব বার্তার রিপ্লাই আলাদা একটি থ্রেডে দেখা যাবে। বারবার স্ক্রল করে নিজেদের পাঠানো পুরনো মেসেজের প্রত্যুত্তরগুলো আর খুঁজতে হবে না। বর্তমানে প্রতিটি রিপ্লাই দেখতে অথবা প্রথম উদ্ধৃত মেসেজ দেখতে হলে একে একে ক্লিক করতে হয়। নতুন হালনাগাদের সব প্রত্যুত্তর এক জায়গায় দেখা যাবে। খবর দ্য ভার্জ