গত সপ্তাহে ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালুর ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। ভারতসহ বিশ্বের ১৫০টি দেশে এ ফিচার চালু করা হয়েছে। তবে এখানে ব্যবহারকারীদের কোনো উত্তর দেয়ার সুযোগ নেই। ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে এ সুবিধা চালুতে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটসনাউ।

ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারের নতুন আপডেট নিয়ে কাজ করছে। ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে এটি সবার জন্য চালু করা হবে। প্রতিবেদনে দাবি করা হয়, গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। হালনাগাদ ভার্সনে চ্যানেল ফিচারে রিপ্লাই বা উত্তর দেয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে।

আগের এক আপডেটের মাধ্যমে চ্যানেলে রিঅ্যাকশন ফিচারের পরীক্ষাও শুরু করা হয়েছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল থেকে পাওয়া কনটেন্ট ও আপডেটের সঙ্গে যুক্ত হতে পারে। নতুন আপডেট কার্যকর হলে ব্যবহারকারীরা চ্যানেলের কনটেন্ট উত্তর বা রিপ্লাই দিতে পারবে।

ফিচারটি কীভাবে কাজ করবে সে-সংক্রান্ত স্ক্রিনশটও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বেটা ভার্সনের পরীক্ষকরা রিঅ্যাকশন বাবলের পাশে রিপ্লাই ইন্ডিকেটর দেখতে পাবে। 

এখানে মোট রিপ্লাইয়ের সংখ্যাও দেখা যাবে। এখানে রিপ্লাই দেয়া হলেও ব্যবহারকারীর ফোন নাম্বার দেখানো হবে না। নতুন ফিচারটি যেকোনো চ্যানেলের সব অনুসারীর সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া চ্যানেলে যেকোনো বিষয়ের আলোচনা আরো তথ্যবহুল হবে এমনটাই প্রত্যাশা প্রযুক্তিবিশারদদের।