গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে শিগগিরই এআইচালিত ওয়েব ব্রাউজার প্রকাশ করতে যাচ্ছে চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেনএআই। নির্ভরযোগ্য সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোচনায় উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ব্রাউজার। ক্রোম ও সাফারিকে পেছনে ফেলে নতুন যুগের সূচনা করছে এআইচালিত ওয়েব ব্রাউজার। এর মধ্যে প্রথম এসেছে এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির তৈরি ‘কমেট’।
অনেকের ধারণা এআই ব্রাউজার কেবলই প্রচলিত ব্রাউজারের স্মার্ট সংস্করণ। তবে কেউ কেউ বলছেন, এটি ওয়েব অভিজ্ঞতার একদম নতুন এক অধ্যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ব্রাউজার নিয়ে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার সহায়তায় পরিচালিত এআই কোম্পানি পারপ্লেক্সিটি এআই সম্প্রতি তাদের নতুন এআইচালিত ওয়েব ব্রাউজার কমেট উন্মোচন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক ব্রাউজারের বাজারে প্রবেশ করল। কমেটে ব্যবহার করা হয়েছে ‘এজেন্টিক এআই’। প্রযুক্তিটি ব্যবহারকারীর হয়ে চিন্তা, কাজ ও সিদ্ধান্ত নিতে সক্ষম।
পারপ্লেক্সিটির তথ্যানুযায়ী, কমেট ব্রাউজারে প্রশ্ন করা, কাজ সম্পন্ন করা ও গবেষণা চালানো যায়। এতে রয়েছে একটি বিল্ট-ইন সহকারী, যা বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা ও তথ্যের সারাংশ তৈরি করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ব্রাউজারের মধ্যেই থাকা একটি ব্যক্তিগত সহকারী। এআইচালিত ব্রাউজার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা একধাপ এগিয়ে নিচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি ব্রাউজিংয়ে যুক্ত থাকায় ব্যবহারকারীরা শুধু ম্যানুয়াল সার্চের ওপর নির্ভর না করে চ্যাটের মতো প্রশ্ন করতে, কাজ করতে ও সহায়তা পেতে পারেন।
এদিকে ওপেনএআইয়ের দুটি সূত্র জানিয়েছে, কোম্পানির ব্রাউজারটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যেন আলাদা ওয়েবসাইটে না গিয়ে সরাসরি চ্যাটজিপিটির মতো ইন্টারফেসের মধ্যেই কাজ সম্পন্ন করা যায়। এতে ব্যবহারকারী রেস্তোরাঁয় টেবিল বুক বা অনলাইন ফরম পূরণ করার মতো বিভিন্ন কাজ সহজেই করতে পারবেন।
এককথায় বললে, এআই সহকারী ওয়েব কনটেন্টের সারাংশ তৈরি করতে পারে, কাজ স্বয়ংক্রিয় করতে পারে এমনকি ব্যবহারকারীর পক্ষ থেকেও সিদ্ধান্ত নিতে পারে। এতে ব্রাউজিং হয় আরো সহজ, দ্রুত ও কার্যকর।










