ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার পাশাপাশি নতুন সব ফিচারের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে হোয়াটসঅ্যাপ। গুগল প্লে বেটা প্রোগ্রামের অধীনে ২.২৩.১৯.৭ ভার্সনে নতুন চ্যাট ফিল্টারের তথ্য পাওয়া গেছে, যা গ্রুপ চ্যাটসহ মেসেজিং প্লাটফর্মটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। খবর গিজমোচায়না।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, কথোপকথনের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে নতুন ফিচার নিয়ে কাজ করছে প্লাটফর্মটি, যা মেসেজ পরিচালনা ও কার সঙ্গে কথা বলা হবে সেটি নির্ধারণে সহায়তা করবে। নতুন ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এর কিছু সুবিধার বিষয়ে জানা গেছে।

নতুন ফিল্টারটি পৃথক কথোপকথনের পরিবর্তে গ্রুপ চ্যাটগুলোকে সাজাতে সহায়তা করে। স্বচ্ছতার বিষয়কে আরো জোরদার করতে হোয়াটসঅ্যাপে আগে থাকা পার্সোনাল ফিল্টারকে নতুন করে কন্টাক্টস নাম দেয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন আপডেটে প্লাটফর্ম থেকে বিজনেস ফিল্টার সরিয়ে দেয়া হয়েছে। 

আপডেটের মাধ্যমে ডেডিকেটেড গ্রুপস ট্যাব ফিল্টার চালু করা হয়েছে। আগে থেকে ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটগুলোকে ভালোভাবে পরিচালনা ও দ্রুত যোগাযোগের জন্য এমন ব্যবস্থা বা সুবিধা চালুর আবেদন জানিয়ে আসছিল। কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য যেকোনো গ্রুপে যুক্ত হতে হয়। সেগুলোয় যেন সহজে প্রবেশ ও যোগাযোগ করা যায় সে উদ্দেশ্যেই এ ফিল্টার সুবিধা। বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা পরীক্ষকদের জন্য ফিচারটি সীমিত। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেয়া হবে বলে সূত্রে জানা গেছে। চ্যাট ফিল্টার ছাড়াও ই-মেইল ভেরিফিকেশন, কল দেয়ার সময় আইপি ঠিকানা আড়াল রাখাসহ আরো ফিচারের উন্নয়নে কাজ করছে হোয়াটসঅ্যাপ।