চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) চিপ পাওয়ার ঘটনায় সেমিকন্ডাক্টর ডিজাইনার সোফগোকে চিপ পাঠানো স্থগিত করেছে টিএসএমসি। খবর রয়টার্স।

ঘটনাসংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, সোফগো টিএসএমসি থেকে এমন চিপ অর্ডার করেছিল, যা হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০বি প্রসেসরে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য নির্দিষ্ট কিছু প্রযুক্তি কেনার অনুমতি নেই হুওয়ায়ের। তাই কীভাবে ওই চিপ হুয়াওয়ের পণ্যে এসেছে তা পরিষ্কার নয়। সোফগো তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে যে তারা আইন মেনে চলে ও কখনো হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করেনি।

ক্রিপ্টোকারেন্সি মাইনিং কোম্পানি বিটমেইনের সঙ্গে সম্পৃক্ত সোফগো বলেছে, তারা টিএসএমসিকে একটি বিস্তারিত তদন্ত রিপোর্ট দিয়েছে, যেন প্রমাণ করা হয় যে তাদের হুয়াওয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

রিয়টার্স বলছে, এ বিষয়ে টিএসএমসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হুয়াওয়েও তাদের অনুরোধে কোনো সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, তারা রফতানি নিয়ন্ত্রণের নিয়ম ভাঙার বিষয়ে অবগত ছিল। তবে কোনো তদন্ত চলছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি।

সম্প্রতি টেক রিসার্চ ফার্ম টেকইনসাইটস হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০বি প্রসেসর পরীক্ষা করার সময় টিএসএমসির চিপ খুঁজে পায়। এর পরই টিএসএমসি ইউএস সরকারকে বিষয়টি জানিয়েছিল। এর মধ্যেই টিএসএমসি একটি গ্রাহকের কাছে চিপ পাঠানো স্থগিত করে দিয়েছে। তাইওয়ানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, স্থগিতকরণটি ঘটেছে যখন টিএসএমসি জানতে পারে তাদের একটি চিপ হুয়াওয়ের পণ্যে ব্যবহার হয়েছে। তবে কর্মকর্তা ক্লায়েন্টের নাম প্রকাশ করেননি, যা সাম্প্রতিক সূত্রগুলো সোফগো হিসেবে চিহ্নিত করেছে। টেক নিউজ আউটলেট দি ইনফরমেশনও শনিবার নামটি প্রতিবেদনে এনেছে।

টিএসএমসি জানিয়েছে, তারা চিপ পাওয়ার বিষয়ে তাইওয়ান ও মার্কিন উভয় কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং বিস্তারিত তদন্তও শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি চলতি সপ্তাহের শুরুতে বলেছে যে তারা ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুয়াওয়েকে চিপ সরবরাহ করেনি। কোম্পানিটি আরো জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সঙ্গে ‘সক্রিয়ভাবে যোগাযোগ’ করেছে।

এদিকে হুয়াওয়ে গত সপ্তাহে জানায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্র কোম্পানিটির ওপর নতুন রফতানি বিধি আরোপ করার পর থেকে এটি টিএসএমসির মাধ্যমে কোনো চিপ তৈরি করেনি।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাসেন্ড ৯১০বি চীনা কোম্পানির মধ্যে সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।