চীনা সংস্কৃতিতে ‘চার’ সংখ্যাটি দুর্ভাগ্য হিসেবে বিবেচিত, কারণ এটি ‘মৃত্যু’ শব্দের মতো শোনায়। এ কারণে দেশটির অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি পণ্যের নাম বা সিরিজে চার নম্বরের ব্যবহার এড়িয়ে চলে। ওয়ানপ্লাসও এমন একটি ব্র্যান্ড, যা ঐতিহ্যগতভাবে এ নম্বর বাদ দিয়ে তাদের ফোন সিরিজের নামকরণ করে আসছে।

প্রযুক্তি বিষয়ের সংবাদমাধ্যম গিজচায়না বলছে, ওয়ানপ্লাস এইস ৩-এর পর সিরিজের চতুর্থ ফোনটি আসার কথা, তবে কোম্পানিটি আবারো চার নম্বরটি বাদ দিয়েছে। এ সিরিজের পরবর্তী ফোন দুটি হবে ওয়ানপ্লাস এইস ৫ ও এইস ৫ প্রো।

কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা লি জি জানান, সিরিজের নতুন ফোন দুটি অন্যান্য প্রতিযোগী স্মার্টফোনগুলোর তুলনায় এক প্রজন্ম এগিয়ে থাকবে। যদিও এইস সিরিজ শুধু চীনা বাজারেই পাওয়া যায়, তবে ওয়ানপ্লাস এইস ৫ আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস ১৩আর হিসেবে লঞ্চ হবে।

ফোনগুলোর স্পেসিফিকেশন এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। তবে প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, ওয়ানপ্লাস ১৩আর-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে এবং এইস ৫-এও একই প্রসেসর থাকবে। তবে এইস ৫ প্রো আরো উন্নত স্ন্যাপড্রাগন ৮ এলিট নিয়ে আসতে পারে। এছাড়া এসব ফোনের সঙ্গে একটি সাশ্রয়ী সংস্করণ, যেমন ওয়ানপ্লাস এইস ৫ভি উন্মোচন করতে পারে কোম্পানিটি।

ওয়ানপ্লাস এইস ৫ (অথবা ওয়ানপ্লাস ১৩আর)-এর প্রত্যাশিত ডিজাইন নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সিরিজের ফোনগুলোয় একটি সমতল স্ত্রিন ও পেছনে বামে একটি গোলাকার ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এটির ডিজাইন আগের ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ মডেলের মতোই হতে পারে। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল (এমপি) মূল ক্যামেরা ও ৮ এমপি আল্ট্রাওয়াইড ক্যামেরাসহ ২ এমপি ডেকোরেটিভ সেন্সর থাকতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এইস ৫ ও ৫ প্রো উন্মোচনের তারিখ জানানো হয়নি, তবে বিশ্লেষকদের মতে, এসব ফোন আগামী ডিসেম্বরে চীনে লঞ্চ হতে পারে। এর আগে ওয়ানপ্লাস এইস ৩ চলতি বছরের জানুয়ারিতে চীনে উন্মোচন করা হয়। এদিকে সম্প্রতি জানা যায়, কোম্পানিটি এইস সিরিজে একটি ছোট স্ত্রিনের ফ্ল্যাগশিপ ফোন তৈরির ওপর কাজ করছে। তবে এটি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে আসবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।