৩ হাজার ২০০ কোটি ডলারে ক্লাউড ও সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইজ কেনার কথা জানিয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। গুগলের চুক্তিটি প্রযুক্তির ইতিহাসে অন্যতম বড় অধিগ্রহণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কোম্পানিটি জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে ক্লাউড পরিষেবাকে আরো নিরাপদ ও শক্তিশালী করতে চায় গুগল। খবর রয়টার্স।

২০২০ সালে প্রতিষ্ঠিত উইজ অল্প সময়েই পরিচিত হয়ে ওঠে ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন প্রটেকশন প্লাটফর্মের (সিএনএপিপি) জন্য। প্রযুক্তিটি বিভিন্ন ক্লাউড ব্যবস্থাপনায় সুরক্ষা ঝুঁকি, ত্রুটি ও দুর্বলতা শনাক্ত করতে সংস্থাগুলোকে সহায়তা করে। এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। এটি ক্লাউড কম্পিউটিং বাজারে চলমান তীব্র প্রতিযোগিতাও তুলে ধরে, যেখানে গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও মাইক্রোসফট অ্যাজুর।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে উইজ অধিগ্রহণে গুগলের পরিকল্পনা ব্যর্থ হয়। তবে প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। তখন থেকেই চূড়ান্ত আলোচনায় গতি আসে ও শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়। সূত্র জানায়, গুগল গত জুলাইয়ে প্রাথমিকভাবে ২ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেয়, যা পরে বাড়িয়ে ৩ হাজার ২০০ কোটিতে উন্নীত করা হয়। চুক্তি ব্যর্থ হলে ক্ষতিপূরণ বাবদ ৩২০ কোটি ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তি সম্পন্ন হওয়ার অন্যতম বড় কারণ হোয়াইট হাউজে নেতৃত্বের পরিবর্তন। ট্রাম্প প্রশাসনের অধীনে অ্যান্টিট্রাস্ট নীতিমালা (বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে যে আইন রয়েছে) আরো শিথিল হবে এমন আশা থেকেই গুগল ও উইজ এ চুক্তি চূড়ান্ত করতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর নিয়মিতভাবে উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা বিস্তারিত আলোচনা শুরু করেন।

নিউইয়র্কভিত্তিক ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাপোনোর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রম কারমেল গুগল-উইজ চুক্তি প্রসঙ্গে বলেন, ‘এটি প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ক্লাউড নিরাপত্তার গুরুত্ব আরো বাড়ছে।’

গুগলও বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাউড নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে ক্লাউড বিভাগের প্রধান থমাস কুরিয়ান চুক্তির অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।