ওয়্যারেবল ডিভাইসের মধ্যে স্মার্টগ্লাস এখন অন্যতম। বিভিন্ন কোম্পানি উন্নত প্রযুক্তির স্মার্টগ্লাস তৈরি করছে। রে-ব্যানের সঙ্গে মেটাও স্মার্টগ্লাস তৈরি করছে। চলতি বছরের শেষ নাগাদ আরো একটি ডিভাইস আনবে কোম্পানিটি। গুঞ্জন রয়েছে এর ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ উন্নতমানের হবে। এছাড়া ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধাও পাওয়া যাবে। খবর গ্যাজেটস নাউ।

অভ্যন্তরীণ নথির বরাতে প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রজন্মের রে-ব্যান স্টোরিজ ব্যবহারকারীদের সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে স্ট্রিম করার সুবিধা দেবে। নতুন স্মার্টগ্লাস স্ট্রিমিংয়ের সময় আশপাশের নয়েজ বা শব্দদূষণের বিষয়টি নিয়ন্ত্রণ করবে এবং অডিও প্লেব্যাক ভলিউম বাড়াবে-কমাবে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুযায়ী, মেটা ও রে-ব্যান নির্মিত স্মার্টগ্লাসের গ্রহণযোগ্যতা খুবই কম। 

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিন লাখ ইউনিটের মধ্যে মাত্র ২৭ হাজার ইউনিট বিক্রি হয়েছে। জার্নালে বলা হয়, ১৩ শতাংশ ব্যবহারকারী ডিভাইস কেনার পর ফিরিয়ে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, স্মার্ট গ্লাসে প্রযুক্তিগত সমস্যা রয়েছে। যার মধ্যে অডিও, ভয়েস কমান্ড, কম ব্যাটারি লাইফ ও অন্য ডিভাইস থেকে ফাইল নিয়ে আসার বিষয় উল্লেখযোগ্য।