মেসেজিং অ্যাপকে আরো আকর্ষণীয় করতে অ্যানিমেটেড ইমোজি রিঅ্যাকশন ফিচার আনছে গুগল। এখন থেকে গুগল মেসেজ অ্যাপে ব্যবহারকারীরা চ্যাটিং করার সময় অ্যানিমেটেড ইমোজির মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবে। খবর টেকটাইমস।

যদিও ফিচারটি এখন কেবল গুগল মেসেজ অ্যাপের বেটা ভার্সনে রয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এটি পাবলিক ভার্সনে রিলিজ করা হবে। গুগল মেসেজের এ নতুন ফিচার দিয়ে ব্যবহারকারীরা অ্যানিমেটেড ইমোজির মাধ্যমে  টেক্সটের রিপ্লাই দিতে পারবে। এটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট কোনো চ্যাট টেক্সটের ওপর লং প্রেস বা দীর্ঘ চাপ দিয়ে নির্দিষ্ট ইমোজি নির্বাচন করে রিঅ্যাক্ট বা রিপ্লাই করতে হবে। নির্বাচিত ইমোজিটি এরপর আকর্ষণীয় অ্যানিমেশনসহ টেক্সট বার্তার ওপরে ভেসে উঠবে।

আপডেটটি ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মতো টেক্সটিং পরিষেবাকেও জনপ্রিয় করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরসিএস মেসেজিং পদ্ধতি রিড রিসিপ্ট, টাইপিং ইন্ডিকেটর এবং দশজনেরও বেশি মানুষের সঙ্গে গ্রুপ চ্যাটের মতো বিভিন্ন ফিচার দিয়ে থাকে। এটি প্রথাগত এসএমএসের চেয়ে আরো উন্নত ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে। অ্যাপল সাম্প্রতিক সময়ে আরসিএসের মেসেজিং চালু করেছে। আরসিএস সাপোর্টের কারণে এখন গুগল মেসেজ থেকে আইফোনে ডাইরেক্ট আরসিএস মেসেজ পাঠানো যাবে। যে কারণে গুগল মেসেজ ব্যবহারকারীদের কাছে আরো আকর্ষণীয় মেসেজিং অপশন হয়ে উঠবে।