অ্যাকশন সার্ভাইভাল গেম দ্য লাস্ট অব আজের মাল্টিপ্লেয়ার সংস্করণের উন্মোচন বাতিল হয়ে গেছে। খবর রয়টার্স।

চলতি বছরের শুরুতে এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্লেস্টেশন ৫-এর জন্য তৈরি গেমটির উন্মোচন পেছানো হয়েছে। তবে গত সপ্তাহে গেমটির উন্মোচন বাতিল করে দেয়ার কথা নিশ্চিত করেছে নির্মাতা কোম্পানি নটি ডগ।

কোম্পানি বলছে, গেমটি উন্নয়ন কার্যক্রম পরিচালনার কারণে কোম্পানির অন্যান্য প্রকল্পে বিরূপ প্রভাব পড়ছে। যে কারণে তাদের কঠিন এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জাপানের প্রযুক্তি জায়ান্ট সনির মালিকানাধীন নটি ডগ প্লেস্টেশনের জন্য আনচার্টেড ও লাস্ট অব আজ সিরিজের মতো দারুণ কিছু ফ্র্যাঞ্চাইজি গেম বানিয়েছে। উভয় গেমে মাল্টিপ্লেয়ার সংস্করণ থাকলেও দ্য লাস্ট অব আজ অনলাইন সংস্করণটি তৈরির কথা ছিল লাইভ সার্ভিস গেম হিসেবে। অর্থাৎ গেমাররা সরাসরি অন্যদের সঙ্গে গেমটি খেলার সুযোগ পাবে। এ ধরনের গেম উন্মোচনের পর নিয়মিতই বিভিন্ন আপডেট ও নতুন কনটেন্ট আনতে হয়। নটি ডগ বলেছে, তারা যদি লাস্ট অব আজ গেমের অনলাইন সংস্করণ চালু করত, তখন কোম্পানিটি একটি লাইভ সার্ভিস গেম স্টুডিওতে পরিণত হতো।