ডিভাইস ও অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে ব্যবহার করা হয় পাসওয়ার্ড। কিছু শব্দ, সংখ্যা কিংবা চিহ্নের সমন্বয়ে তৈরি এসব পাসওয়ার্ড সাধারণত সহজ হওয়া উচিত, যেন ব্যক্তি সহজেই মনে রাখতে পারে। তবে পাসওয়ার্ড এতটাও সহজ হওয়া উচিত নয়, যা অন্য কেউ অনুমান করে ফেলতে পারে। এতে করে অ্যাকাউন্ট হ্যাক ও অননুমোদিত অ্যাকসেসের ঝুঁকি থাকে। পাসওয়ার্ড ম্যানেজার ‘নর্ডপাস’ বলছে, টানা দুই বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় পাস হলো ‘১২৩৪৫৬’। কোম্পানিটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। খবর দ্য ভার্জ।
নর্ডপাস জানিয়েছে, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে মানুষের সৃজনশীলতার অভাব রয়েছে অথবা তাদের মধ্যে বিষয়টি নিয়ে গুরুত্ব কম। কোম্পানিটি এ পর্যন্ত ছয়বার সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। বেশির ভাগ সময় সহজ পাসওয়ার্ড যেমন ‘১২৩৪৫৬’ (123456), কিউডব্লিউইআরটিওয়াই (qwerty) বা এবিসি (ABC) শীর্ষে ছিল। তবে ২০২২ সালে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড (password) শব্দটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে।
নর্ডের মতে, কিছু ব্যক্তি শক্তিশালী পাসওয়ার্ড তৈরির চেষ্টা করে ‘P@ssw0rd’ শব্দটি ব্যবহার করেন, কিন্তু সেটিও এক সেকেন্ডেরও কম সময় অনুমান করা যায়। কোম্পানিটি তাদের তালিকা তৈরিতে উন্মুক্ত উৎস থেকে ২ দশমিক ৫ টেরাবাইট ডাটা ব্যবহার করেছে, যার মধ্যে কিছু মিলেছে ডার্কওয়েব থেকে।
নর্ডের বিশ্লেষকরা বলছেন, ‘এসব পাসওয়ার্ডের বেশির ভাগই হ্যাকাররা মিলিসেকেন্ডের মধ্যে অনুমান করতে পারে। যদি আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকে, তবে একটু সৃজনশীল কিছু ব্যবহার করে সেটি পরিবর্তন করা ভালো।’ নর্ডপাসের তালিকায় থাকা ১০টি প্রচলিত পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬ (123456), ১২৩৪৫৬৭৮৯ (123456789), ১২৩৪৫৬৭৮ (12345678), পাসওয়ার্ড (password), কিউডব্লিউইআরটিওয়াই১২৩ (qwerty123), কিউডব্লিউইআরটিওয়াই১ (qwerty1), ১১১১১১ (111111), ১২৩৪৫ (12345), সিক্রেট (secret), ১২৩১২৩ (123123)। প্রযুক্তি দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখতে এসব পাসওয়ার্ড ব্যবহার এড়ানোর জন্য নির্দেশ দেন প্রযুক্তিবিদরা।










