কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় ধরনের অংশীদারত্বে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কোম্পানি এনভিডিয়া ও ওপেনএআই। এ লক্ষ্যে ওপেনএআইয়ে সর্বোচ্চ ১০ হাজার কোটি ডলার বিনিয়োগসহ ডাটা সেন্টারের জন্য বিশেষ চিপ সরবরাহ করবে এনভিডিয়া। খবর রয়টার্স।
প্রতিবেদন বলছে, উন্নত এআই প্রযুক্তি নিয়ে কাজ করা শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আরো ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রতিযোগিতা থাকলেও সহযোগিতা বা নির্ভরশীলতাও বাড়ছে। নতুন চুক্তির মাধ্যমে এনভিডিয়া শুধু চিপ সরবরাহকারী নয়, ওপেনএআইয়ের আর্থিক অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছে। উল্লেখ্য, এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এনভিডিয়ার বিনিয়োগের ফলে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নগদ অর্থ এবং উন্নত চিপ কেনার সুযোগ পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতামূলক বাজারে এ উদ্যোগ দুই কোম্পানির আধিপত্য ধরে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।
তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো। তাদের আশঙ্কা, এ অংশীদারত্ব বাজারের প্রতিযোগিতা দুর্বল করে দিতে পারে।
ওপেনএআই সূত্র জানিয়েছে, চুক্তি সম্পন্ন হলে এনভিডিয়া ওপেনএআইয়ে অর্থ বিনিয়োগ করবে। কিন্তু তারা কোম্পানির সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বা ভোটাধিকার পাবে না। পাশাপাশি ওপেনএআই সেই বিনিয়োগের অর্থ ব্যবহার করে এনভিডিয়ার উন্নত চিপ কিনবে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘ভবিষ্যৎ অর্থনীতি গড়ে উঠবে কম্পিউটিং অবকাঠামোর ওপর ভিত্তি করে। এনভিডিয়ার সহযোগিতায় যে অবকাঠামো তৈরি হচ্ছে, তা দিয়ে নতুন এআই প্রযুক্তির অগ্রগতি সম্ভব হবে এবং মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ই এর সুফল ভোগ করবে।’










