ড্রপবক্স ও ডিসকর্ডের মতো জনপ্রিয় অনলাইন প্লাটফর্মে লুকিয়ে থাকা এক নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। জর্জিয়া টেকের সাইবার ফরেনসিক ইনোভেশন (সিওয়াইএফআই) ল্যাবের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর এনগ্যাজেট।

ওয়েব অ্যাপ এনগ্যাজেড (ডব্লিউএই) হিসেবে পরিচিত ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। ২০২০ সাল-পরবর্তী সময়ে ডব্লিউএই ম্যালওয়্যারে আক্রান্তের সংখ্যা ২২৬ শতাংশ বেড়েছে।

সাইফি ল্যাব সাইবার সিকিউরিটি কর্মীদের এ ম্যালওয়্যার মোকাবেলায় একটি টুল তৈরি করেছে, যা ৮০ শতাংশ আক্রান্ত ম্যালওয়্যার কার্যকরভাবে অপসারণ করতে পারে। জর্জিয়া টেক পিএইচডি শিক্ষার্থী মিংজুয়ান ইয়াও জানান, সাধারণ মানুষের অনলাইন কর ওয়েব অ্যাপ্লিকেশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা পণ্যসামগ্রী বিতরণ, ডাটা স্টোরেজে ফাইল রাখা ও সামাজিক নেটওয়ার্কিংয়ের মতো পরিষেবা ব্যবহার করে। বর্তমানে এ প্লাটফর্মগুলো ক্ষতিকারক ম্যালওয়্যারের আকর্ষণীয় লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ডব্লিউএই ম্যালওয়্যারটি বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোয় আক্রান্ত করার জন্যই ডিজাইন করা হয়েছে। গবেষকরা ডব্লিউএই ম্যালওয়্যারটি বিশ্লেষণের জন্য স্বয়ংক্রিয় একটি টুল মার্সিয়া চালু করেছিলেন। ১০ হাজার ম্যালওয়্যার নমুনা নিয়ে এক পরীক্ষায় মার্সিয়া ২৯টি ওয়েব অ্যাপ্লিকেশনে প্রায় এক হাজার ম্যালওয়্যার শনাক্ত করতে সক্ষম হয়েছিল। মার্সিয়া টুলের মাধ্যমে গবেষণা দলটি ৭৯ দশমিক ৮ শতাংশ আক্রান্ত ফাইল অপসারণ করতে পেরেছিল।