গত বছর ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর জেনারেটিভ এআইয়ের পরিধি বা বিস্তৃতি নিয়ে আলোচনার শুরু। পর্যায়ক্রমে এ প্রযুক্তি স্মার্টফোনেও প্রবেশ করেছে। যার পরিপ্রেক্ষিতে আগামী বছর জেনএআই-নির্ভর স্মার্টফোন বিক্রি ১০০ কোটি ইউনিট ছাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের স্মার্টফোন ৩৬০ সার্ভিস প্রকাশিত জেনএআই স্মার্টফোন শিপমেন্ট অ্যান্ড ইনসাইট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস ২০২৭ সাল নাগাদ জেনএআই স্মার্টফোন বিক্রিতে বার্ষিক প্রবৃদ্ধি হার হবে ৮৩ শতাংশ।
কাউন্টারপয়েন্ট রিসার্চ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্মার্টফোনের উন্নত সংস্করণ হিসেবে জেনএআইকে ব্যাখ্যা করেছে। এটি ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনগুলো নির্দিষ্ট কমান্ড দেয়া কাজে আবদ্ধ থাকবে না। পাশাপাশি অরিজিনাল কনটেন্ট তৈরি করতে পারবে। এসব ডিভাইসে বিভিন্ন এআই মডেল ব্যবহার করা যাবে এবং এগুলোয় উন্নত হার্ডওয়্যার স্পেসিফিকেশন থাকবে।
জেনএআই স্মার্টফোন তৈরি ও বিক্রির দিক থেকে বর্তমানে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে স্যামসাং ও কোয়ালকম। ফোল্ডেবল ডিভাইসের বাজারে স্যামসাং নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছিল। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, আগামী দুই বছরও ৫০ শতাংশ বাজার হিস্যা দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্টের নিয়ন্ত্রণে থাকবে। স্যামসাংয়ের পরে থাকবে শাওমি, ভিভো, অনর ও অপোসহ চীনের অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদনকারীরা (ওইএম)।
স্যামসাং এর আগে স্মার্টফোনে গ্যালাক্সি এআই ব্যবহারের বিষয়ে জানিয়েছিল। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে জেনএআই স্মার্টফোনের ক্যাটাগরিতে বড় পরিবর্তন আনবে এবং কোম্পানিগুলো এর অপেক্ষায় আছে। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী দুই বছর জেনএআই স্মার্টফোন বাজারের ৮০ শতাংশই কোয়ালকমের দখলে থাকবে। অন্যদিকে ডাইমেনসিটি ৯৩০০-নির্ভর ডিভাইসের মাধ্যমে বাজারে অবস্থান তৈরির চেষ্টা চালাবে মিডিয়াটেক।
গবেষণা পরিচালক তরুণ পাঠক বলেন, ‘আগামী বছর পর্যন্ত বিশ্ববাজারে জেনএআই স্মার্টফোনের বাজার হিস্যা এক অংকে থাকবে। আমরা বাজারে যে ধরনের পরিবর্তন দেখতে চাইছি সেটা প্রকাশে এ পরিমাণ যথার্থ নয়।’
তিনি আরো বলেন, ‘জেনারেটিভ এআইয়ের একটি আদর্শ সংজ্ঞা তৈরিতে আমরা সহযোগী ও গ্রাহকের সঙ্গে কাজ করছি। আগামী বছর আমাদের এ বিষয়ে আরো শিখতে হবে। আশা করছি, ২০২৬ সালের মধ্যে জেনএআই স্মার্টফোন যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ করবে।’
কাউন্টারপয়েন্টের ভিপি ও গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন বলেন, ‘গত কয়েক বছর স্মার্টফোনের ভবিষ্যৎ হিসেবে এআইকে গণনা করা হচ্ছে। বর্তমানে স্মার্টফোনে এআই ব্যবহারের পাশাপাশি জেনএআই মডেলগুলো পরিচালনায় উন্নত ডিভাইস বাজারে আসবে।’










