সাময়িক সময়ের জন্য বিভ্রাট দেখা দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ব্যাপক বিভ্রাট ও লগ ইন সমস্যার খবর পাওয়া যায়। সার্ভিস আউটেজ ট্র্যাককারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, প্রায় ৪৯ হাজার ব্যবহারকারী এ প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। খবর গিজচায়না।
ডাউনডিটেক্টর জানিয়েছে, রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ সমস্যা পৌনে ১১টায় চরম পর্যায়ে পৌঁছায়। এ সময় ব্যবহারকারীদের অনেকেই লগ ইন, মেসেজ পাঠানো ও অ্যাপের সামগ্রিক কার্যকারিতা নিয়ে সমস্যার কথা জানায়। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিল না, ৩০ শতাংশ অ্যাপের কার্যকারিতায় সমস্যা পাচ্ছিল এবং বাকি ২০ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগে সমস্যার কথা জানায়।
ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এ নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে মিম শেয়ার করে এবং অন্যরা একই সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা জানতে চায়। অবশ্য পরদিন অর্থাৎ শুক্রবার ভোরে ত্রুটি সমাধানের মাধ্যমে সেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ সমস্যা কী কারণে ঘটেছে কিনা সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি স্ন্যাপচ্যাট।










