বিশ্বের প্রধান দুই প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক ও মার্ক জাকারবার্গের আলোচিত ‘কেজ ফাইট’ বা ‘মল্লযুদ্ধ’ হতে পারে ইতালিতে। একালের দুই ধনকুবেরকে দেখা যেতে পারে প্রাচীনকালের বীরদের ভূমিকায়। খবর বিবিসি।

টেসলা ও মেটার বিলিয়নেয়ার প্রধান নির্বাহীরা ভার্চুয়াল মাধ্যমে গত জুন থেকে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। যা এখন ময়দানে গড়াতে পারে।

এতদিন বিষয়টি মজার ছলে ঘটলেও গতকাল শুক্রবার (১১ আগস্ট) ইতালির সংস্কৃতি মন্ত্রী বলেছেন, একটি দাতব্য অনুষ্ঠান হিসেবে এই লড়াই হতে পারে। এরই মধ্যে মাস্কের সঙ্গে কথা বলেছেন তিনি।

পরিকল্পনা অনুসারে এই আয়োজন থেকে অর্জিত অর্থ শিশু হাসপাতালে দেয়া হবে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে একমত যাওয়া যায়নি বলে জানিয়েছেন জাকারবার্গ।

সম্প্রতি টুইটারের নাম বদলে এক্স রেখেছেন ইলোন মাস্ক। এ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী একটি মহাকাব্যিক আয়োজনের জন্য সম্মত হয়েছেন। যেখানে আধুনিক কিছুই থাকবে না। ক্যামেরা ফ্রেমে উঠে আসা সবকিছুই হবে প্রাচীন রোমের আদলে তৈরি।

ইতালির সংস্কৃতি মন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো একটি বিবৃতিতে জানান, মাস্কের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে। তার মতে, ‘মহান দাতব্য’ অনুষ্ঠানটি দেশের ঐতিহাসিক তাৎপর্যের সংগতিপূর্ণ হবে ও সাংস্কৃতিক ঐতিহ্যও সংরক্ষণ করবে।

তবে রাজধানী রোমে অবস্থিত আইকনিক কলোসিয়ামে হবে না এ মল্লযুদ্ধ। সঙ্গে জানান, এখান থেকে কোটি কোটি ইউরো আয় হবে। যা দুটি ইতালীয় শিশু হাসপাতালে দান করা হবে।

গত মাসে থ্রেডস নামের নতুন প্লাটফর্ম চালু করেছেন জাকারবার্গ। যার ব্যবহার অনেকটাই টুইটার বা এক্সের মতো। ওই সময় মাস্কের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

সম্প্রতি থ্রেডসে দেয়া এক পোস্টে জাকারবার্গ বলেছিলেন, ২৬ আগস্ট লড়াইয়ের জন্য প্রস্তাব করেছেন তিনি। আর মাস্ক জানান, এ জন্য সারাদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন।

৫২ বছর বয়সী ইলোন মাস্ক ও ৩৯ বছরের মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল প্রযুক্তি বিলিয়নেয়ার। লড়াই করার উদ্ভট ধারণা প্রকাশ্যে আসে গত জুনে। ওই সময় মাস্ক টুইট করেছিলেন যে তিনি জাকারবার্গের সঙ্গে ‘কেজ ফাইটের’ জন্য প্রস্তুত।  

এরপর গত মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের সরাসরি লড়াইয়ের ঘোষণা আসে।

মিক্স মার্শাল আর্ট (এমএমএ) প্রশিক্ষণ নেয়া ও সম্প্রতি জিউ-জিতসু টুর্নামেন্টে জেতা মেটা সিইও প্রতিক্রিয়া বলেছিলেন, কোথায় আসতে হবে আমাকে বলুন।

কেজ ফাইট এক ধরনের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়, যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার মধ্যে একটি নির্দিষ্ট সময় লড়াই করেন।