আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবক্স
চ্যাটজিপিটির মাধ্যমে প্রযুক্তি বিশ্বে ঝড় তোলা ওপেনএআই-এ রীতিমতো ঘূর্ণিঝড় উঠেছে।
সংস্থার সিইও পদ থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দিয়েছে বোর্ড। এর পরপরই চ্যাটজিপিটির
সহপ্রতিষ্ঠাতা তথা সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান নিজে থেকেই পদত্যাগ করেছেন।
খবর হিন্দুস্তান টাইমস।
চ্যাটজিপিটির বদৌলতে ৩৮ বছর বয়সী অল্টম্যান
খুব অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে পরিচিতি লাভ করেন। ওপেনএআই-এর তৈরি এ চ্যাটবক্স
বিজ্ঞানের বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছিল গত বছর। কবিতা লেখা থেকে শুরু করে গল্প
বা ওয়েব অ্যাপ্লিকেশন, পরীক্ষার প্রশ্নের উত্তর বা সংবাদ প্রতিবেদন; তুড়িতেই সবকিছু
সমাধান দিয়ে আসছিল।
মাইক্রোসফটের বিনিয়োগপ্রাপ্ত সংস্থার
বোর্ড স্যাম অল্টম্যানকে সরিয়ে দেয়ার পর বিবৃতিতে বলেছে, ওপেনএআই-কে এগিয়ে নিয়ে যাওয়ার
ক্ষেত্রে স্য়াম অল্টম্যানের ওপর আর ভরসা করা যাচ্ছে না।
তবে এ বিষয়ে কোনো অভিযোগ বা পাল্টা
জবাব দেননি স্যাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ওপেনএআই-তে কাজ করার সময়টা
দুর্দান্ত কেটেছে। ব্যক্তিগতভাবে অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আমার সবকিছু বদলে গিয়েছিল।
আশা করছি এ পৃথিবীরও কিছুটা এতে বদলেছে। এত গুণী মানুষদের সঙ্গে কাজ করতে আমার খুবই
ভালো লেগেছে।
স্যাম অল্টম্যানকে সরানোর পাশাপাশি
ওপেনএআই-এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, বোর্ড সভাপতি থেকে সরে যাবেন গ্রেগ ব্রকম্যান।
সংস্থার নতুন সিইও-র অধীনে কাজ করবেন তিনি। এরপরই নিজের পদ থেকে সরে দাঁড়ান সংস্থার
ব্রকম্যান।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন,
আট বছর আগে আমার ফ্ল্যাট থেকে কাজ শুরু হয়েছিল। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা
নিয়ে আমি গর্বিত। একসঙ্গে আমরা অনেক কঠিন ও ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি
বলেই সাফল্য পেয়েছি। তা না হলে এটা অসম্ভব হতো। তবে আজ যা খবর শুনলাম, তারপর আমি সরে
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতের জন্য সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমি বিশ্বাস
করি যে মানুষের জন্য নিরাপদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির মিশন সম্পন্ন করা সম্ভব।










