ব্যক্তিগত মেসেজ অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করার অভিযোগে লিংকডইনের বিরুদ্ধে মামলা করেছে এর প্রিমিয়াম গ্রাহকরা। অভিযোগে বলা হয়েছে, মাইক্রোসফটের মালিকানাধীন কোম্পানিটির ফাঁসকৃত এসব তথ্য জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।
মামলাটি গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, লিংকডইন গত আগস্টে একটি প্রাইভেসি সেটিং গোপনে চালু করেছিল। ওই সেটিংয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য শেয়ার করার অনুমতি দেয়া বা না দেয়ার অপশন দেয়া হয়। পরে গত ১৮ সেপ্টেম্বর লিংকডইন তাদের প্রাইভেসি পলিসি হালনাগাদ করে জানায়, গ্রাহকদের তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা যেতে পারে। সেখানে একটি প্রশ্নের উত্তরে বলা হয়, প্রাইভেসি অপশন বন্ধ করলেও পূর্বে সম্পন্ন হওয়া প্রশিক্ষণে এর কোনো প্রভাব পড়বে না।
মামলায় বলা হয়েছে, মূলত নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করতেই লিংকডইন এ কৌশল গ্রহণ করেছে। এটি ইঙ্গিত করে প্লাটফর্মটি গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে জানত। লিংকডইন তাদের প্লাটফর্ম উন্নত ও পরিচালনার জন্য ব্যক্তিগত ডাটা ব্যবহারের প্রতিশ্রুতি রক্ষা করেনি। জনসাধারণের দৃষ্টি ও আইনি প্রভাব এড়ানোর জন্য এটি একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল।
অভিযোগ দায়েরকারীদের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন, যাদের ব্যক্তিগত তথ্য গত বছরের ১৮ সেপ্টেম্বরের আগে তৃতীয় পক্ষের কাছে এআই প্রশিক্ষণের জন্য প্রকাশ করা হয়েছিল।
মামলায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়নি। তবে প্রতিশ্রুতি ভঙ্গ, ক্যালিফোর্নিয়ার প্রতিযোগিতা আইন ও ফেডারেল স্টোরড কমিউনিকেশনস অ্যাক্ট লঙ্ঘনের জন্য জনপ্রতি ১ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
লিংকডইন এক বিবৃতিতে জানিয়েছে, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বাদীপক্ষের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।










