বিশ্বব্যাপী স্মার্ট গ্লাসের বিক্রি গত বছর বেড়েছে ২১০ শতাংশ। প্রথমবারের মতো ডিভাইসের বিক্রি ৩০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এ প্রবৃদ্ধির মূল চালক রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের উচ্চ চাহিদা। বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। চলতি বছর এ বাজারে বড় প্রবৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গ্লোবাল স্মার্ট গ্লাসেস মডেল শিপমেন্ট ট্র্যাকার অনুযায়ী, স্মার্ট গ্লাস এমন এক চশমা, যাতে বৈদ্যুতিক উপাদানসহ বাড়তি ফিচার অন্তর্ভুক্ত থাকে। তবে কাউন্টারপয়েন্টের সংজ্ঞা অনুসারে, এখানে এআর (অগমেন্টেড রিয়ালিটি) প্রযুক্তিযুক্ত চশমা অন্তর্ভুক্ত নয়। বর্তমানে বাজারে এআই স্মার্ট গ্লাসও পাওয়া যায়, যেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে উন্নত কার্যকারিতা ও ফিচার যুক্ত করা হয়।

বাজার গবেষণা সংস্থাটি বলছে, একটি স্মার্ট চশমাকে এআই স্মার্ট গ্লাস হিসেবে গণ্য করতে হলে এতে এআই সক্ষম প্রসেসর থাকতে হবে। পাশাপাশি ভয়েস ইন্টারঅ্যাকশনের জন্য বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন থাকতে হবে এবং ভিজুয়াল অ্যাসিস্ট্যান্স ও ছবি শনাক্তকরণের জন্য ক্যামেরা থাকতে হবে।

কাউন্টারপয়েন্টের সংজ্ঞা অনুযায়ী, মেটার রে-ব্যান স্মার্ট গ্লাস বাজারে প্রথম এআই স্মার্ট গ্লাস। এতে রয়েছে উন্নত অডিও যন্ত্রাংশ ও উন্নত ক্যামেরা। আগের স্মার্ট গ্লাসগুলো মূলত অডিও, সংযোগ ও ব্যাটারি লাইফের ওপর বেশি গুরুত্ব দিত। তবে রে-ব্যান স্মার্ট গ্লাস কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো উন্নত করছে বলে দাবি মেটার। এ গ্লাস বাজারে আসার পর ২০২৩ সালে ডিভাইসের বিক্রি ১৫৬ শতাংশ ও ২০২৪ সালে ২১০ শতাংশ বাড়ে। বর্তমানে মেটা স্মার্ট গ্লাসের বাজার ৬০ শতাংশ হিস্যা দখল করে শীর্ষস্থানে রয়েছে।

মেটা আরো জানিয়েছে, তারা রে-ব্যান স্মার্ট গ্লাসে ডিসপ্লে যুক্ত করতে যাচ্ছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নতুন সংস্করণটি উন্মোচন হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়। চশমার কাচের ছোট অংশজুড়ে থাকবে ডিসপ্লে। মেটার এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা যাবে, আবার উত্তরও দেয়া যাবে। প্রতিষ্ঠানটির পুরোপুরি মিক্সড-রিয়ালিটি ডিভাইসে পরিণত করার পরিকল্পনা নেই।

এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন আরো বলছে, স্মার্ট গ্লাস খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের বৃহৎ পরিকল্পনা নিয়েছে মেটা। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি (ভিআর ও এআর) প্রযুক্তিতে চলতি বছর ফেসবুকের মালিক প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে ২০২৫ সালকে স্মার্ট গ্লাসের বছর বলে ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।

এদিকে স্মার্ট গ্লাসের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে স্যামসাংও। গ্যাজেটস থ্রিসিক্সটির গত বছরের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে যৌথভাবে একটি স্মার্ট গ্লাস তৈরি করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি। এতে কোয়ালকমের চিপসেট ব্যবহার করা হবে বলেও জানা যায়।

সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন স্যামসাং গুগলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একটি স্মার্ট গ্লাস তৈরির দিকে ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, ‘স্মার্ট গ্লাসটি হবে একটি নতুন পণ্য, নতুন অভিজ্ঞতা। এ অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের সঙ্গে মিলিয়ে এটি কেনার জন্য উৎসাহিত হবেন বলে আশা করি।’

এ সময় মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাসের সাফল্যের পেছনে সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার (জেনারেটিভ এআই) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন আমন।