প্রযুক্তি খাতে বিদ্যমান বিভিন্ন পরিষেবার উন্নয়নে বর্তমানে কোম্পানিগুলো প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গুগলও প্রতিনিয়ত বিভিন্ন আপডেট ও ফিচার যুক্ত করছে। এর অংশ হিসেবে এবার অ্যান্ড্রয়েডের মেসেজ অ্যাপে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্তের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। মূলত জরুরি মুহূর্তে প্রচলিত ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশন না থাকলেও যেন বার্তা পাঠানো যায় সেজন্যই এ উদ্যোগ। খবর টেকটাইমস।

ইউজার ডিফল্ট হিসেবে মেসেজিং পরিষেবার প্রচার চালানোর অংশ হিসেবে কোম্পানি এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যানুযায়ী, আসন্ন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানি অ্যাপটিতে স্যাটেলাইট কানেক্টিভিটিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এ ফিচার বাই ডিফল্ট হিসেবে এখনই ব্যবহার করা যাবে না বলে কোম্পানি সূত্রে জানা গেছে। মূলত সফটওয়্যারটি যেন ভালোভাবে কাজ করে সেজন্য এর সংযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। অন্যদিকে কোয়ালকম আগে দেয়া এক ঘোষণায় জানিয়েছে যে এ সংযোগ ব্যবহারে কোম্পানিটি এর স্ন্যাপড্রাগন চিপে বিশেষায়িত হার্ডওয়্যার ব্যবহার করবে।

স্যাটেলাইট কানেক্টিভিটি ছাড়া কোম্পানিটি মেসেজ অ্যাপের ইন্টারফেসের জন্য আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এটি জরুরি মুহূর্তে এসওএস কথোপকথনে সহায়তা করবে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এ কথোপকথন করা যাবে। একজন টিপস্টার অ্যাপের নতুন অংশটির বিষয়ে জানতে পেরেছেন।

কথোপকথনের সময় ব্যবহারকারীদের কাছে এটি স্বাভাবিক টেক্সট মেসেজের মতোই মনে হবে বলে জানিয়েছেন এ টিপস্টার। তবে কথোপকথনের টেক্সট বক্সে স্যাটেলাইট মেসেজ লেখা থাকবে। এছাড়া একটি মেসেজে কী পরিমাণ অক্ষর ব্যবহার করা যাবে সেটি দেখার জন্য ডান পাশে কাউন্টার বক্সও থাকবে বলে সূত্রে জানা গেছে।