এনভিডিয়ার গ্রাফিকস কার্ডযুক্ত ক্রোমবুক বাজারে আনতে নতুন একটি প্রকল্পে কাজ করছিল গুগল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন ধরনের এ ক্রোমবুক বা ল্যাপটপ বাজারজাতের প্রকল্প থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। খবর গিজমোচায়না।

ক্রোমিয়াম গেরিট কমিটে একটি কমেন্টের মাধ্যমে জানা যায়, এনভিডিয়া ক্রোমবুকের একাধিক প্রকল্প বাতিল করে দেয়া হয়েছে। কমিট জানায়, হেরোব্রাইন, হেডস ও আগাহ বোর্ড বাতিল করা হয়েছে। নাইনটুফাইভগুগলের তথ্যানুযায়ী, আরটিএক্স ৪০৫০ ক্রোমবুকের সঙ্গে হেডস বোর্ড যুক্ত ছিল। অন্যদিকে আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ডের পরীক্ষা চালানোর জন্য আগাহ বোর্ড ব্যবহার করা হয়েছিল।

তিনটি বোর্ডের উন্নয়ন বন্ধ করে দেয়ার মানে হচ্ছে গুগল এখন এনভিডিয়ার জিপিইউ যুক্ত ক্রোমবুক তৈরিতে আর কাজ করছে না। বিশ্লেষকদের মতে, অনেকেই আরো উন্নত গেমিং ক্রোমবুক পাওয়ার আশায় ছিল। এটি তাদের জন্য দুঃসংবাদ। তবে কোম্পানিটি হয়কো ভবিষ্যতে ডেডিকেটেড গ্রাফিকস প্রসেসিং ইউনিটসহ (জিপিইউ) ক্রোমবুক বাজারে আনতে পারে। এনভিডিয়ার জিপিইউ ছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন৩ চিপযুক্ত ক্রোমবুক বাজারজাত না করার সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটি। প্রযুক্তিবিদদের ধারণা, নিকট ভবিষ্যতে নতুন কোনো ক্রোমওএস ট্যাবলেট বাজারজাতের কোনো সম্ভাবনা নেই।

 সে হিসেবে পরবর্তী কোনো ডিভাইস না আসা পর্যন্ত ব্যবহারকারীদের ক্রোমবুকে গেম খেলার জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিকসের ওপর নির্ভর করতে হবে। এর বাইরে আরো ভালো পারফরম্যান্স চাইলে এনভিডিয়া জিফোর্স নাওর মতো ক্লাউড গেমিং অপশন বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।