স্ক্যাম প্রতিরোধে গুগল মেসেজে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করেছে গুগল। নতুন আপডেটে উন্নত স্ক্যাম ডিটেকশন টুল যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে রক্ষা করবে। বিশেষ করে প্যাকেজ ডেলিভারি ও চাকরির প্রস্তাবের সঙ্গে জড়িত স্ক্যামগুলোকে প্রধান্য দিয়ে কাজ করবে এ টুল। খবর এনগ্যাজেট।

গুগল জানিয়েছে, স্ক্যাম সন্দেহ হলে বিপজ্জনক বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ফোল্ডারে চলে যাবে অথবা সতর্কবার্তা পাঠানো হবে। টুলটি ডিভাইসভিত্তিক মেশিন লার্নিং মডেল ব্যবহার করে স্ক্যাম চিহ্নিত করবে। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে।

গুগল একটি ইন্টেলিজেন্ট ওয়ার্নিং ফিচারও চালু করতে যাচ্ছে, যা অপরিচিত প্রেরকদের বার্তায় কোনো লিংক থাকলে ব্যবহারকারীকে আগেই সতর্ক করবে। এছাড়া সন্দেহজনক কোনো লিংকসহ বার্তা পেলে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করারও ব্যবস্থা করবে।

নতুন আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো সংবেদনশীল কনটেন্টের জন্য সতর্কবার্তা। এটি সন্দেহজনক ছবি বা ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করবে।