ডিজিটাল ইউরোর জালিয়াতি শনাক্ত ও প্রতারণা রোধে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সহায়তার জন্য পর্তুগিজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ফিডজাইকে বেছে নিয়েছে। চার বছর মেয়াদি এ চুক্তির সর্বোচ্চ মূল্য ২৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার (২৩ কোটি ৭৩ লাখ ইউরো)। খবর রয়টার্স।
ফিডজাই এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) একটি এআই মডেল তৈরি করবে, যা ডিজিটাল ইউরো লেনদেনের প্রতারণার ঝুঁকি মূল্যায়ন করবে। মডেলটি ব্যবহারকারীর স্বাভাবিক আচরণ, লেনদেনের ইতিহাস ও পারস্পরিক যোগাযোগের যেকোনো বিচ্যুতি লক্ষ্য করে সন্দেহজনক লেনদেন শনাক্ত করবে।
ইসিবি বলেছে, ডিজিটাল ইউরোর মাধ্যমে তারা ইউরোজোনের আর্থিক স্বায়ত্তশাসন বাড়াতে চায় এবং ভিসা ও মাস্টারকার্ডের আধিপত্যের ওপর নির্ভরতা কমাতে চায়। কেন্দ্রীয় ব্যাংক-সমর্থিত ইলেকট্রনিক ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল ইউরো নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।
ইসিবি আশা করছে, প্রয়োজনীয় আইনগত অনুমোদন ২০২৬ সালের মাঝামাঝি সময়ে পেলে ২০২৯ সালে ডিজিটাল ইউরো চালু করা সম্ভব হবে।
পর্তুগালের কোইমব্রায় অবস্থিত ফিডজাই বর্তমানে বছরে ৮ ট্রিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলারের বেশি লেনদেন প্রক্রিয়াকরণ করছে। যার মধ্যে রয়েছে পর্তুগিজ ব্যাংক নভোব্যাঙ্কো এবং আবু ধাবির উইও ব্যাংক। তাদের এআই ভিত্তিক প্রতারণা শনাক্তকরণের দক্ষতা ডিজিটাল ইউরো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফিডজাই ছাড়াও ইসিবি অন্য কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে ফরাসি আইটি পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপজেমিনি। এ চুক্তিগুলোর মূল্য ২ কোটি ৭৬ লাখ থেকে ২২ কোটি ৭ লাখ ইউরো পর্যন্ত, যা ডিজিটাল ইউরোর অবকাঠামো তৈরি ও বাস্তবায়নে সাহায্য করবে।
ফিডজাইয়ের সঙ্গে এই অংশীদারিত্ব ইসিবির জন্য প্রযুক্তির গুরুত্ব প্রমাণ করে, যা ডিজিটাল লেনদেনকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য রাখার ক্ষেত্রে অপরিহার্য।










