বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলোর একটি গুগল ক্রোম। যদিও প্রাইভেসি নিয়ে উদ্বেগ ও অতিরিক্ত র্যাম ব্যবহারের অভিযোগ রয়েছে, তবু অনেকেই ব্রাউজারটির ব্যবহার চালিয়ে যাচ্ছেন এর পরিচিতি ও দ্রুততার কারণে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্রাউজিংকে অনেক সহজ ও দ্রুত করে তোলা সম্ভব। সাধারণ শর্টকাট যেমন CTRL + T (নতুন ট্যাব খোলা) বা CTRL + W (ট্যাব বন্ধ করা) অনেকেরই জানা। তবে কম পরিচিত কিছু শর্টকাট, যেমন যেকোনো পেজ থেকে গুগল সার্চ চালানো বা সর্বশেষ খোলা ট্যাবে যাওয়া দৈনন্দিন ব্রাউজিংকে আরো কার্যকর করে এবং সময় বাঁচাতে সহায়ক হতে পারে।
ট্যাব পরিবর্তন
ব্রাউজারে বেশির ভাগ ক্ষেত্রেই একাধিক ট্যাব খুলে কাজ করতে হয়। মাউস ব্যবহার না করেও ক্রোম ব্যবহারকারীরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সহজেই যেকোনো ট্যাবে পৌঁছতে পারেন। CTRL + 1 থেকে CTRL + 8 চেপে প্রথম আটটি ট্যাবের যেকোনো একটিতে যাওয়া যায়। CTRL + 9 সবসময় সর্বশেষ খোলা ট্যাবে নিয়ে যায়, যা ই-মেইল, মিউজিক বা কাজের সময় চ্যাটের মতো পিন করা ট্যাবের জন্য বিশেষভাবে সহায়ক।
ট্যাব সরানো
মাউস দিয়ে ট্যাব সরাতে কিবোর্ড থেকে হাত ওঠাতে হয়। তাই ক্রোম ব্যবহারকারীরা CTRL + Shift + PgUp বা CTRL + Shift + PgDn ব্যবহার করে ট্যাবগুলো বাম বা ডান দিকে সরাতে পারেন এবং সাজিয়ে রাখতে পারেন।
ক্রোম টাস্ক ম্যানেজার
ক্রোম ব্রাউজারের একটি নিজস্ব টাস্ক ম্যানেজার রয়েছে। ফিচারটির মাধ্যমে কোন ট্যাব কতটা মেমোরি এবং কম্পিউটার পাওয়ার ব্যবহার করছে তা দেখা যায়। ব্যবহারকারীরা CTRL + ESC চাপলেই এটি খুলতে পারেন।
কোনো ট্যাব অতিরিক্ত মেমোরি ব্যবহার করে ব্রাউজারকে ধীর করলে ‘এন্ড টাস্ক’ বেছে সে ট্যাব বন্ধ করা যায়।
বুকমার্ক পরিচালনা
ক্রোমে দ্রুত বুকমার্ক পরিচালনার জন্য কিছু শর্টকাট রয়েছে। CTRL + Shift + B চাপলে বুকমার্ক বার লুকানো বা দেখা যায়। স্ক্রিনশট নেয়ার সময় গোপনীয়তা রক্ষা করে এটি। আবার CTRL + Shift + D দিয়ে বর্তমানে খোলা সব ট্যাবকে একটি নতুন ফোল্ডারে বুকমার্ক হিসেবে সংরক্ষণ করা যায়।
মুহূর্তে ব্রাউজার মুছে ফেলা
ক্রোমে একটি শর্টকাট রয়েছে, যা দিয়ে দ্রুত ‘ডিলিট ব্রাউজিং ডাটা’ উইন্ডো খোলা যায়। CTRL + Shift + Del চাপলে ব্রাউজিং হিস্ট্রি, কুকি, ডাউনলোড হিস্ট্রি, ক্যাশড ইমেজ ও আরো অনেক কিছু দেখা যাবে।
গুগল সার্চ
ক্রোমে মাউস ব্যবহার না করেই অ্যাড্রেস বারে গিয়ে গুগল সার্চ করা যায়। CTRL + K চাপলেই ‘ওমনিবক্সে’ (ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার) সরাসরি যাওয়া যায়, যেখানে সার্চ করার জন্য গুগল প্রস্তুত থাকে। -মেকইউজঅব অবলম্বনে










