সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) নতুন করে এর প্রাইভেসি পলিসি বা গোপনীয়তার নীতি হালনাগাদ করেছে। নতুন নীতি অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে প্লাটফর্মটি থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করা হবে। খবর এনগ্যাজেট।
নতুন নীতির ধারা ২.১-এ বলা হয়েছে, মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোকে প্রশিক্ষণে সাহায্য করতে আমরা সংগ্রহ করা তথ্য এবং সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য ব্যবহার করতে পারি।
এক্সে দেয়া পৃথক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলোন মাস্ক। তার দাবি, তারা শুধু পাবলিক ডাটা ব্যবহার করবে। গ্রাহকের মেসেজ বা ব্যক্তিগত কিছু ব্যবহার করা হবে না।
নতুন এ নীতি ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সংগৃহীত ডাটা এক্সএআইয়ের এআই মডেলগুলোকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। গত জুলাইয়ে এ প্রতিষ্ঠানটি চালু করেন এক্সের বর্তমান মালিক মাস্ক। ডিপমাইন্ড, ওপেন এআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলা এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মীদের নিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটি। তাদের অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আলফা স্টার, আলফা কোড, ইনসেপশন, মিনেরভা, জিপিটি ৩.৫ এবং জিপিটি ৪-এর উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন।
এক্সএআই চালুর উদ্যোগ নেয়ার পর গত জুলাইয়েই নিজের প্লাটফর্ম গুগল বার্ড ও চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবাগুলোর প্রবেশাধিকার বন্ধের পদক্ষেপ নেয় এক্স কর্তৃপক্ষ। তবে এখন নিজস্ব এআই মডেলের প্রশিক্ষণে এক্স থেকে সংগৃহীত তথ্য ব্যবহারের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।










