প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আবারো বড় আকারের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। নতুন করে চাকরি হারাচ্ছেন প্রায় নয় হাজার কর্মী। মে মাস থেকে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। এ গণছাঁটাইয়ের ফলে কোম্পানির গেম বিভাগ এক্সবক্স গেম স্টুডিওজের অন্তত তিনটি গেম প্রকল্প বাতিল করা হয়েছে। খবর সিনেট।
মাইক্রোসফট জানিয়েছে, কোম্পানির পুনর্গঠনের অংশ হিসেবে কর্মী ছাঁটাই করা হচ্ছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা ও দীর্ঘমেয়াদে সাফল্য আনতে দলগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে। প্রতিষ্ঠানটির গেমিং ইউনিটও এ ছাঁটাইয়ের আওতায় এসেছে।
এক্সবক্স গেম স্টুডিওজের প্রধান ম্যাট বুটি একটি অভ্যন্তরীণ ই-মেইলে ছাঁটাই-পরবর্তী গেম বাতিলের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পারফেক্ট ডার্ক ও এভারওয়াইল্ড নামের গেম দুটি ছাড়াও আরো কিছু ‘অঘোষিত’ শিরোনামও বাতিল করা হয়েছে।
সিদ্ধান্তটি গেমপ্রেমীদের হতাশ করলেও মাইক্রোসফটের পক্ষ থেকে এটি ব্যয় সংকোচনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
মাইক্রোসফট জানিয়েছে, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অগ্রগতির কারণেই অটোমেশনের চাপ বেড়েছে। যে এআই একসময় সাধারণ কাজ সহজ করার জন্য ব্যবহার করা হতো, সেটাই এখন কর্মসংস্থানে হুমকি হয়ে দাঁড়িয়েছে।
২০২৩ সালে মাইক্রোসফট প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। চলতি বছরের জানুয়ারিতে পারফরম্যান্স-ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে ১ শতাংশের কম কর্মী ছাঁটাই হয়। মে মাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ে ছয় হাজারের বেশি পদ বাতিল হয়। পরে জুনে আরো ৩০০ কর্মী চাকরি হারান।
শুধু মাইক্রোসফট নয়, এআই খাতে বিনিয়োগ বাড়ানো অন্যান্য বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানও ছাঁটাই করছে। সম্প্রতি মেটা তাদের সবচেয়ে কম পারফর্ম করা ৫ শতাংশ কর্মীকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনও বিভিন্ন বিভাগে বড় আকারে পদ বাতিল করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই-নির্ভর প্রযুক্তি খাতে টিকে থাকতে বড় প্রতিষ্ঠানগুলো কর্মী সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে।










