গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ লঞ্চের পর সফটওয়্যার আপডেট করতে ব্যস্ত রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। আইওএস ১৮-এ বেশ কয়েকটি অ্যাপ নতুন করে ডিজাইন করেছে কোম্পানিটি। প্রযুক্তি বিষয় ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এখন শুধু গেমারদের জন্য অ্যাপ স্টোরের মতো একটি নতুন অ্যাপ আনছে অ্যাপল। খবর ইন্ডিয়া টুডে।
নাইনটুফাইভম্যাক বলছে, অ্যাপল একটি ডেডিকেটেড গেমস অ্যাপ তৈরি করছে। এ নতুন অ্যাপটি অ্যাপ স্টোর ও গেম সেন্টার উভয়ের ফিচার একত্রিত করবে বলে আশা করা হচ্ছে। এটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের বিদ্যমান গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া এ অ্যাপে বেশ কয়েকটি ট্যাব থাকবে যেমন ‘প্লে নাউ’ সেকশন ও ব্যবহারকারীর গেমস ও বন্ধু ট্যাব। প্লে নাউ এলাকায় সম্পাদকীয় বিষয়বস্তু, গেমের সুপারিশগুলোয় অ্যাকসেস পাওয়া যাবে এবং চ্যালেঞ্জ, লিডারবোর্ড ও কৃতিত্বগুলো দেখা যাবে। এটি অ্যাপ স্টোর ও অ্যাপল আর্কেডের গেমও অন্তর্ভুক্ত করতে পারে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট ও গুরুত্বপূর্ণ সব আপডেট দেখাবে। একই সঙ্গে অ্যাপল ফেসটাইম ও আইমেসেজকে গেমিং অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার উপায় পরীক্ষা করছে, যা খেলোয়াড়দের মধ্যকার যোগাযোগ আরো সহজ করতে পারে। এ বিষয়ে গুঞ্জন রয়েছে এটি ডেভেলপারদের অ্যাপ ক্লিপ ব্যবহার করে মিনি গেম তৈরি করার অনুমতিও দেবে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, আসন্ন অ্যাপটি আইফোনের এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীকে তার গেমিং স্ট্যাটাস পরীক্ষা করতে, বন্ধুদের কার্যকলাপ দেখতে, নতুন গেম খুঁজে পেতে ও গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এ নতুন প্রস্তাবের মাধ্যমে অ্যাপল তার ডিভাইসগুলো গেমারদের কাছে আরো আকর্ষণীয় করতে চায় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি জনপ্রিয় গেম ফোর্টনাইটের নির্মাতা এপিক গেমস গুগল ও অ্যাপল উভয়কেই তাদের কমিশন ফি এবং অ্যাপ বিতরণে বিধিনিষেধ নিয়ে চ্যালেঞ্জ করে। এর মধ্যেই অ্যাপলের নতুন গেম স্টোর খোলার খবরটি এল।
অ্যাপল বর্তমানে ব্যবহারকারীদের অ্যাপল আর্কেড সেবা দিচ্ছে। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল টিভিতে বিভিন্ন গেমে প্রবেশাধিকার দেয়ার জন্য একটি সাবস্ক্রিপশন সার্ভিস। নতুন গেমিং অ্যাপটি মুক্তির তারিখ এখনো অস্পষ্ট।










