দেশের বাজারে জাপানের সিটিজেন ব্র্যান্ডের পস ও লেবেল মডেলের প্রিন্টার এনেছে স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মঙ্গলবার সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১ মডেলের প্রিন্টার দুটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সিটিজেনের এশিয়া অঞ্চলের সেলস ডিরেক্টর ইয়াহো কোয়ামা পস প্রিন্টারের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, সিটিজেন ঘড়ি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। তবে এর বাইরেও তাদের নানা টেকনোলজি পণ্য বিশ্বজুড়ে সমাদৃত। জাপানের বাজারে এ ব্র্যান্ডের প্রিন্টারই সেবা ও মানের দিক থেকে শীর্ষে রয়েছে।

তিনি বলেন, ‘সিটিজেনের যাত্রা শুরু হয় ১৯৬০ সালে টাইপোগ্রাফিক প্রিন্টার দিয়ে। এখন তাদের রয়েছে পাঁচ ধরনের লেবেল প্রিন্টার।’

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন জানান, এ প্রিন্টারের মেমোর কালি সহজে মুছবে না। যেকোনো প্রয়োজনে মেমো দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যাবে।

সিটিজেনের প্রডাক্ট ম্যানেজার (বাংলাদেশ) আবু সোলাইমান পলাশ বলেন, ‘এরই মধ্যে বাজারে পণ্যটি ছাড়া হয়েছে। দু-একদিনের মধ্যে ওয়েবসাইটে মূল্যসহ অন্যান্য তথ্যদি প্রকাশ করা হবে। প্রিন্টারটি সারা দেশের বিভিন্ন টেকনোলজির শোরুম বা বিক্রয় কেন্দ্র থেকে গ্রাহকরা কিনতে পারবেন।’

অনুষ্ঠানে সিটিজেন জাপানের সাপোর্ট টিম ম্যানেজার সাঁতারু কাগুচি, বাংলাদেশে সিটিজেনের হেড অব মার্কেটিং মাহফুজুর রহমান মুকুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।