চীনে ২০২৫ সালের ন্যাশনাল পিপলস কংগ্রেস আয়োজনে সবার নজর কেড়েছে স্পার্কি নামের একটি ছোট রোবট কুকুর। মার্জিত হাঁটার ধরন, বুদ্ধিমানের মতো আচরণ ও দেখতে বেশ আকর্ষণীয় হওয়ায় ক্ষুদ্র আকৃতির রোবটটি ব্যাপক আলোচনায় আসে। যন্ত্রটি তৈরি করেছে চীনের হেংবট নামের একটি রোবটিক কোম্পানি ।
হেংবটের মতে, স্পার্কি শুধু খেলনা নয়, এটি হালকা, নিজের মতো করে সাজানো যায়। এটি মজা ও শেখার কাজে দারুণ সহায়ক। স্পার্কি মে বা জুনে বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। ডেস্কে রাখার মতো ‘পোষ্য’ রোবটটি প্রযুক্তিজগতে নতুন একটি ধারার সূচনা করতে পারে বলে ধারণা তাদের।
বড় আকারের ও শিল্পভিত্তিক কাজের জন্য তৈরি বস্টন ডায়নামিকস ও শাওমির রোবট কুকুরের মতো নয় স্পার্কি। এটি অনেক ছোট, এর ওজন মাত্র ৮৫০ গ্রাম। তাই হাতের তালুতেও সহজে ধরে রাখা যায়। রোবটটির রয়েছে ১৪টি মুভমেন্ট পয়েন্ট, যেগুলো একে স্বাচ্ছন্দ্যে হাঁটতে, লাফাতে, এমনকি নাচতেও সক্ষম করে।
হেংবট বলছে, স্পার্কিকে তারা তৈরি করেছে একটি বিশেষ ডিজাইনে, যাকে বলা হয় বায়োনিক লিংকেজ স্ট্রাকচার। ফলে এর পাগুলো প্রকৃত প্রাণীর মতো স্বাভাবিকভাবে নড়াচড়া করে আর একসঙ্গে শক্তি সাশ্রয়ও করে। ব্যবহারকারী চাইলে স্পার্কির বাহ্যিক কাঠামো (শেল) কাস্টোমাইজ করতে পারবেন। মানে যার যেমন পছন্দ, তেমনভাবে এর চেহারা বদলে নিতে পারবেন। অনেকটা ফোনের কেস পাল্টানোর মতো।
স্পার্কি শুধু চলাফেরা নয়, এটি মানুষের সঙ্গে যোগাযোগও করতে সক্ষম। রোবটটি নির্দেশনা বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। স্পার্কিকে নিয়ন্ত্রণ করা যায় মোবাইল অ্যাপ, রিমোট কন্ট্রোলার, এমনকি এআর বা ভিআর প্রযুক্তি দিয়েও। ছোট রোবটটির মধ্যে রয়েছে মাইক্রোফোন ও ক্যামেরা সিস্টেম, যা তাকে পরিবেশ চিনতে ও প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। তবে এর সামনে ক্যামেরার মতো দেখা যায় এমন অংশটি আসলে একটি অ্যানিমেশন, বাস্তব ক্যামেরা নয়।
স্পার্কি রোবটটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ লার্নিং মোড’। বিশেষ সুবিধার মাধ্যমে কোডিং না জানা ব্যক্তিও সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারবে। সফটওয়্যারে রেকর্ড করে বা সরাসরি শারীরিকভাবে কোনো কাজ করে দেখিয়ে স্পার্কিকে সে কাজ শেখানো যাবে। এর মাধ্যমে সহজ খেলা থেকে শুরু করে জটিল নাচের ধাপ পর্যন্ত শেখানো সম্ভব বলে দাবি হেংবটের।
স্পার্কি রোবটে রয়েছে বেশকিছু উন্নত ফিচার। এর মাথায় টাচ সেন্সর, ডিসপ্লে স্ক্রিন, ক্যামেরা, স্পিকার, এসডি কার্ড স্লট, ইউএসবি পোর্ট ও ইয়ার বাটনও রয়েছে। এছাড়া স্পার্কির আছে মেমোরি কার্ড ব্যবহারের স্লট ও ডাটা সংযোগের জন্য ইউএসবি পোর্ট, যা ব্যবহারকারীকে বিভিন্ন তথ্য সংরক্ষণ ও ডিভাইস যুক্ত করতে সহায়তা করবে। রোবটটির আয়তন ২৫০×১৩০×২৫০ মিলিমিটার, তবে যন্ত্রটি সর্বোচ্চ ৩০০ গ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। এটি ১০-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দক্ষভাবে কাজ করবে এবং একবার চার্জে ৪৫ মিনিটের বেশি সময় ধরে চলবে। স্পার্কির গতি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে দশমিক ৪ মিটার পর্যন্ত।
কোম্পানি সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে আসার আগে স্পার্কি প্রথমে ক্রাউডফান্ডিং প্লাটফর্ম কিকস্টার্টারে উন্মোচন হবে। দাম রাখা হতে পারে আনুমানিক ৫০০-৬০০ ডলার। এরপর এটি অ্যামাজনের মতো অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে, যেখানে প্রযুক্তিপ্রেমী, প্রকৌশলী ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ব্যবহারকারীরা কিনতে পারবেন। —গিজমোচায়না অবলম্বনে










