স্কাইপের সর্বশেষ আপডেটে নতুন বেশ কয়েকটি ফিচার সংযুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে ডুয়াল ক্যামেরা সাপোর্টের জন্য ব্র্যান্ডেড টুইনক্যামের ব্যবহার, পাশাপাশি ফটো ও ভিডিও গুছিয়ে রাখার জন্য স্ট্যাকড মিডিয়া অ্যালবাম সার্ভিস। খবর টেক টাইমস।

যদিও বর্তমানে ফিচারগুলো শুধু স্কাইপ ইনসাইডারদের জন্য চালু করা হয়েছে। নতুন আপডেটটি স্কাইপ ব্যবহারকারীদের মধ্যে ইন্টারেকটিভ সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এখন থেকে টুইনক্যাম ডেস্কটপে স্কাইপ কল করার সময় ব্যবহারকারী নিজের মোবাইল ডিভাইসকে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে মোবাইল ও ডেস্কটপ ডুয়েল ভিউ মুড একই সঙ্গে ব্যবহার মাধ্যমে বিভিন্ন কাজ করা যাবে।

টুইনক্যাম ব্যবহার করা বেশ সহজ। ফিচারটি চালু করতে ডেস্কটপ স্কাইপ কলে থাকার সময় কেবল মোবাইলের মাধ্যমে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর কানেকশন তৈরি হলে টুইনক্যামের মাধ্যমে ডেস্কটপ ও মোবাইল ফিডগুলো একসঙ্গে প্রেজেন্টেশনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এছাড়া স্কাইপের চ্যাট বক্সে একাধিক ফটো ও ভিডিওর বিশৃঙ্খলা কমাতে স্ট্যাকড মিডিয়া অ্যালবাম সুবিধা যুক্ত করা হয়েছে। আপাতত টুইনক্যাম ও স্ট্যাকড অ্যালবামের ফিচারটি কেবল স্কাইপ ইনসাইডারদের জন্য সর্বশেষ আপডেটে উপলব্ধ। তবে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য আপডেটটি রোলআউট করবে বলে আশ্বাস দিয়েছে স্কাইপ।