চীন সফর শুরু করেছেন হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার ২০২৩ প্রতিযোগিতায় বিজয়ী ছয় বাংলাদেশী শিক্ষার্থী।
১০ দিনের এ সফরে তারা প্রযুক্তি এবং সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া হুয়াওয়ের আরঅ্যান্ডডি সেন্টার ও সদর দপ্তর পরিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে অভিজ্ঞতা নেবেন। একই সঙ্গে ট্যালেন্ট সামিট ২০২৩-এ যোগদানের কথাও রয়েছে।
চলতি বছরের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) মোহাম্মদ আজমাঈন ফাতিন এবং অর্পণ সাহা, বুয়েটের এমই বিভাগের ফারসিয়া কাওসার চৌধুরী, রুয়েটের সিএসই বিভাগের মায়িশা ফারজানা, আইইউটির সিএসই থেকে সাজিদ আহমদ চৌধুরী এবং ইইই থেকে আল মুমতাহিনা এরিকা।
দেশে একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে হুয়াওয়ে এ বছর দশমবারের মতো বাংলাদেশে সিডস ফর দ্য ফিউচারের আয়োজন করেছে। এ বছর ৬০০টিরও বেশি আবেদন জমা পড়ে।
শীর্ষ ২০ শিক্ষার্থী তাদের প্রোফাইল, কনসেপ্ট এবং উপস্থাপনায় যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। আইসিটিকে কাজে লাগিয়ে সমাজের ক্ষমতায়ন বিষয়ে বেশ কয়েকটি সাক্ষাৎকার এবং প্রেজেন্টেশনের মাধ্যমে শীর্ষ ২০ থেকে ছয়জন বিজয়ীকে নির্বাচিত করা হয়।










