পছন্দের ওয়েবসাইট দ্রুত খুলে দেখার একটি সহজ উপায় হলো ব্রাউজারের বুকমার্ক। প্রতিদিনের ব্যবহৃত ওয়েবসাইটের মধ্যে গুগলের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব একটি। বিনোদন, শিখন ও কনটেন্ট শেয়ারের জন্য ইউটিউব একটি জনপ্রিয় সাইট। যেকোনো ওয়েবপেইজ যেমন ইউটিউব ম্যাকের ডকে (বেশি ব্যবহৃত অ্যাপে দ্রুত প্রবেশের জন্য বার) সরাসরি পিন করার মাধ্যমে প্লাটফর্মে অ্যাকসেস আরো সহজ করেছে অ্যাপল। ভিডিও শেয়ারিং সাইটটিকে কীভাবে একটি ওয়েব অ্যাপ হিসেবে তৈরি করা যায়, তা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ার—
ম্যাকের ডকে ইউটিউব পিন করতে ডিভাইসে ম্যাকওএস সোনোমা বা তার পরবর্তী সংস্করণ ইনস্টল থাকতে হবে। প্রথমে ম্যাকে সাফারি ব্রাউজার খুলে ইউটিউবে যেতে হবে। এবার ইউটিউব পেজে পৌঁছানোর পর স্ক্রিনের ওপরের দিকে ফাইলে ক্লিক করে ড্রপ-ডাউন মেনু থেকে ‘অ্যাড টু ডক’ নির্বাচন করতে হবে। এরপর ওয়েবপেজের ইউআরএল ও তার ওপরে একটি নামের ফিল্ডসহ ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এখানে ‘ইউটিউব’ কিংবা পছন্দমতো নাম দিয়ে অ্যাড ক্লিক করতে হবে। এখন ইউটিউব ব্যবহারকারীর ডকে যুক্ত হয়ে যাবে। একইভাবে পছন্দের যেকোনো ওয়েবসাইটও ডকে যুক্ত করা সম্ভব।
সোনোমা সংস্করণ আসার সঙ্গে ম্যাকওএস ব্যবহারকারীদের ওয়েবপেজকে ওয়েব অ্যাপে রূপান্তর করার সুযোগ দিচ্ছে, যা একটি সাধারণ ডেস্কটপ অ্যাপের মতো ডকে পিন করা যায়। অ্যাপল বলছে, কেউ যদি প্রতিদিনের ম্যাক ব্যবহারের অংশ হিসেবে নিয়মিত ইউটিউব ব্যবহার করেন, তাহলে ফিচারটি ইউটিউবে দ্রুত ও সহজে অ্যাকসেস করতে সাহায্য করবে।
তবে অনেকে ধারণা করতে পারেন, সাফারির মাধ্যমে ওয়েব অ্যাপ তৈরি করলে এর সব ফিচার অ্যাপলের ওয়েব ব্রাউজারের মতোই কাজ করবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। একটি ওয়েবপেজ শর্টকাটের চেয়ে ওয়েব অ্যাপ আলাদা, এটি স্বতন্ত্রভাবে কাজ করে। তাই কেউ যদি ম্যাকে ইউটিউবের ওয়েব অ্যাপ তৈরি করেন, এর ব্রাউজিং রেকর্ড (যেমন হিস্ট্রি, কুকিজ ও সেটিংস) সাফারি ব্রাউজারে সঞ্চিত হবে না।
এছাড়া নিজের পছন্দমতো ওয়েব অ্যাপের নাম ও পরিবর্তন করা যাবে। অ্যাপল বলছে, ইউটিউবের ক্ষেত্রে কেউ যদি ডিফল্ট লাল আইকনটি পছন্দ না করেন, তিনি কাস্টম আইকন বেছে নিতে পারবেন।










