স্মার্টফোন বিক্রিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের কোম্পানি রিয়েলমি। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, এখন পর্যন্ত ২০ কোটির বেশি সেলফোন বিক্রি করা হয়েছে। যার অধিকাংশই চীনের বাইরে। তথ্যানুযায়ী, এ মাইলফলক অর্জনকারী হিসেবে পঞ্চম কোম্পানি রিয়েলমি। খবর রয়টার্স।
চীনের ভোক্তা হার্ডওয়্যার জায়ান্ট বিবিকে ইলেকট্রনিকসের মালিকানায় পরিচালিত হয় রিয়েলমি। অপো ও ভিভোও একই সঙ্গে রয়েছে। বিবিকে জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২০ কোটি ডিভাইস বিক্রির মাইলফলক স্পর্শ করেছে রিয়েলমি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এর আগে চারটি কোম্পানি দ্রুত সময়ের মধ্যে স্মার্টফোন বিক্রিতে এ মাইলফলক অর্জন করেছে। কোম্পানিগুলো হলো ভিভো, হুয়াওয়ে, স্যামসাং ও অ্যাপল। সামগ্রিকভাবে এখন পর্যন্ত বিশ্বের ১৪টি কোম্পানি ২০ কোটির বেশি স্মার্টফোন বাজারজাতের তালিকায় রয়েছে।
রিয়েলমির প্রধান মার্কেটিং কর্মকর্তা ঝু কি বলেন, ‘বিশ্বে যখন ৭০০-এর বেশি স্মার্টফোন ব্র্যান্ড ছিল তখন আমরা বাজারে প্রবেশ করেছি। গত পাঁচ বছরে আমরা বিশ্বের শীর্ষ ১০টি ব্র্যান্ডের মধ্যে আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি।










