প্রযুক্তি খাতে প্রতিনিয়ত বিভিন্ন পরিবর্তন আসছে। কোম্পানিগুলো নতুন সব পণ্য তৈরি করছে। আর এগুলোর বিষয়ে ভোক্তা বা ব্যবহারকারীদের জানানোর অন্যতম আয়োজন কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। ৯-১২ জানুয়ারি ২০২৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বরাবরের মতোই উন্মোচন করা হবে নতুন সব পণ্য ও প্রযুক্তি। দ্য হানস ইন্ডিয়া উদ্ভাবনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেছে।
টেলিভিশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: অ্যান্ড্রয়েড থেকে শুরু করে স্মার্ট টেলিভিশন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই (এআই) প্রাধান্য দেয়া হবে এবারের সম্মেলনে। ২০২৪ সালে এলজির পণ্যে ছবির গুণগত মান ও শব্দের উন্নয়নে এআই ব্যবহার করবে। চ্যাটজিপিটি ও বার্ডের মতো ল্যাঙ্গুয়েজ মডেলের সহায়তায় হোম থিয়েটার অভিজ্ঞতায়ও পরিবর্তন আসতে যাচ্ছে। এলজির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের প্রতিও নজর সবার।
প্রসেসরসহ ল্যাপটপের ডিজাইনে পরিবর্তন: যুক্তরাষ্ট্রের চিপ কোম্পানি ইন্টেল কম্পিউটার বিশেষ করে ল্যাপটপের জন্য মিটিয়র লেক চিপ উন্মোচনের ঘোষণা দিয়েছে। ফলে চলতি বছরের সম্মেলনে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি একাধিক ল্যাপটপ উন্মোচন করতে পারে। প্রসেসর ছাড়াও উৎপাদনকারীরা ডিজাইন ও অন্যান্য খাতেও পরিবর্তন আনবে।
ওএলইডি মনিটর, হ্যান্ডহেল্ড পিসিসহ গেমিং খাতে নতুন সংযোজন: সিইএস সম্মেলনে কম্পিউটার গেমিংয়ের জন্য নতুন পণ্য উন্মোচন করা হয়। এবারের সম্মেলনে এনভিডিয়ার আরটিএক্স-৪০ গ্রাফিকস সিরিজে নতুন সুপার কার্ড ও এএমডি আরএক্স ৭৬০০ এক্সটি জিপিইউ উন্মোচনের কথা রয়েছে। এছাড়া পিসি গেমিংয়ে ওএলইডি প্যানেল ব্যবহার, এলজি ও স্যামসাংয়ের উচ্চ রিফ্রেশ রেটের মনিটরও দেখানো হবে। বিগত বছরের সফলতার অংশ হিসেবে হ্যান্ডহেল্ড গেমিং পিসি খাতেও নতুন কিছু উন্মোচন করবে কোম্পানিগুলো।
স্মার্টফোন খাতে একাধিক পরিবর্তন: কনজিউমার ইলেকট্রনিকস শোতে নতুন স্মার্টফোন বড় একটি অংশ। ২০২৪ সালের আয়োজনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরযুক্ত স্মার্টফোনে উন্মোচন করা হতে পারে। জেনারেটিভ এআই যুক্ত চিপটি নতুন বছর এ খাতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
ওয়্যারেবল খাতে নতুন সংযোজন: সিইএসে স্মার্টওয়াচও স্পটলাইটে থাকে। এবারের সম্মেলনে ফসিল ব্র্যান্ড না থাকলেও টেলিহেলথভিত্তিক উদ্ভাবন, স্মার্ট রিং, হেলথ ট্র্যাকার শীর্ষে থাকতে পারে। এর সঙ্গে হিয়ারিং এইডস ও অগমেন্টেড/ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর স্মার্টগ্লাসেও নজর থাকবে সবার। মেটা থেকে শুরু করে অ্যাপলও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নতুন স্মার্টগ্লাস তৈরি ও বাজারজাত করছে। এবারের সম্মেলনে নতুন কোনো ডিভাইস আসবে কী না সেটি নিয়েও ব্যবহারকারী ও বিশ্লেষকরা আগ্রহী।
পরিবহন খাতে আরো বড় পরিবর্তনের সম্ভাবনা: সিইএস সম্মেলনে প্রতি বছরই গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলো নতুন উদ্ভাবনের কথা জানিয়ে থাকে। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের বিক্ষোভের কারণে ২০২৪ সালে ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলানটিস অংশ নেবে না বলে সূত্রে জানা গেছে। তবে এর পরও এবারের সম্মেলনে উল্লেখযোগ্য কিছু উদ্ভাবনের বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এর মধ্যে বৈশ্বিক পর্যায়ে হোন্ডার বিদ্যুচ্চালিত গাড়ি বাজারজাতের পাশাপাশি গাড়ির প্রযুক্তিগত অগ্রগতির মতো বিষয় থাকতে পারে।
স্মার্ট হোমে এআই ব্যবহার: স্মার্ট হোম পণ্যের ব্যবহার বাড়ছে। স্মার্ট লাইট, ভয়েস কমান্ডের মাধ্যমে সুইচ অন-অফসহ এআইয়ের ব্যবহার এ খাতকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যামসাংয়ের এআই ফর অল থিমের আওতায় ফ্রিজ থেকে শুরু করে কুকটপেও এ প্রযুক্তি ব্যবহার করা হবে।
চলতি বছরের সম্মেলনকে ঘিরে প্রযুক্তি খাতে বিভিন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন প্রযুক্তিবিশারদরা। পরিবহন থেকে শুরু করে স্মার্টফোন, কম্পিউটার, স্মার্ট হোম সলিউশনসহ সব খাতেই যুগান্তকারী বিভিন্ন বিষয় উন্মোচন করা হতে পারে। এর মাধ্যমে ২০২৩ সাল জুড়ে চলমান গুঞ্জনের বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে অভিমত বিশ্লেষকদের।










