কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পের জন্য একটি বিশাল ডাটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা করছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল হবে, যেখানে খরচ ছাড়িয়ে যেতে পারে ২০ হাজার কোটি ডলার। এ ডাটা সেন্টার মেটার উন্নত এআই প্রযুক্তি বিকাশ ও পরিচালনায় সহায়তা করবে। সম্প্রতি দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য লুইজিয়ানা, উইওমিং ও টেক্সাসে এ ডাটা সেন্টার ক্যাম্পাস নির্মাণে স্থান বিবেচনা করছে মেটা। কোম্পানির উচ্চপদস্থ নির্বাহীরা চলতি মাসে সম্ভাব্য সব স্থান পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।

মেটা এআই প্রযুক্তি বিকাশে সম্প্রতি নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে। তবে মেটার একজন মুখপাত্র বলছেন, কোম্পানির ডাটা সেন্টারসংক্রান্ত পরিকল্পনা ও ব্যয় এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এর বাইরে যেকোনো দাবি ‘কেবল অনুমান’ মাত্র।

প্রধান প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি একের পর এক ডাটা সেন্টারে বড় বিনিয়োগের ঘোষণা করছে। এসব বিনিয়োগের মূলে আছে ভবিষ্যতে বাড়তি এআইয়ের চাহিদা পূরণ। গত মাসে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ২০২৫ সালে কোম্পানির এআই অবকাঠামো সম্প্রসারণে ৬ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন। অন্যদিকে মাইক্রোসফট চলতি বছর ডাটা সেন্টারে প্রায় ৮ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। অ্যামাজনও গত বছরের তুলনায় এবার আরো বেশি বিনিয়োগের আশা করছে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, এসব বড় বিনিয়োগ প্রমাণ করে টেক জায়ান্টগুলোর জন্য এআই ও ক্লাউড অবকাঠামোর গুরুত্ব ক্রমে বাড়ছে।

সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, কুপারটিনোভিত্তিক অ্যাপল যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ বিনিয়োগ দেশজুড়ে হাজারো সরবরাহকারীর সঙ্গে অংশীদারত্ব, সরাসরি কর্মসংস্থানের সুযোগ, অ্যাপল ইন্টেলিজেন্স অবকাঠামো, ডাটা সেন্টার, করপোরেট অফিস এবং ২০টি রাজ্যে অ্যাপল টিভি+ প্রডাকশনসহ বিভিন্ন প্রকল্পে সাহায্য করবে। এছাড়া অ্যাপল নর্থ ক্যারোলাইনা, আইওয়া, অরেগন, অ্যারিজোনা ও নেভাডায় ডাটা সেন্টারের সম্পদ ও পরিষেবা পরিচালনার সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এদিকে গত মাসে ওপেনএআই ও সফটব্যাংক মিলে ‘স্টারগেট প্রজেক্ট’ নামে একটি নতুন কোম্পানি চালু করে। এটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির জন্য আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, স্টারগেট প্রজেক্ট প্রাথমিকভাবে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে, যা যুক্তরাষ্ট্রে ওপেনএআইয়ের জন্য এআই ডাটা সেন্টার তৈরি করবে।

মাইক্রোসফটও চলতি বছরের শুরুতে ভারতকে একটি প্রতিশ্রুতি দিয়েছে। সফটওয়্যার কোম্পানিটির চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা জানিয়েছেন, আগামী দুই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড অবকাঠামো এবং প্রশিক্ষণ উদ্যোগের জন্য ভারতজুড়ে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। জানুয়ারিতে অনুষ্ঠিত নাদেলার ভারত সফরের সময় এটি ঘোষণা করা হয়।

২০২২ সালে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালু হওয়ার পর এআই ক্ষেত্রে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন খাতের কোম্পানিগুলো নিজেদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। বিভিন্ন শিল্পে নতুন নতুন আবিষ্কার ও দক্ষতা বাড়ানোর জন্য এআই প্রযুক্তি দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তিটির ব্যবহারে কোম্পানির কাজকর্ম আরো সহজ ও উন্নত হয়, যা গ্রাহককে আরো ভালো পরিষেবা দিতে সাহায্য করে।