আয় বাড়াতে চলতি বছরের মে মাসে পাসওয়ার্ড নীতিতে পরিবর্তন আনে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বের বিভিন্ন দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেয়া হয়। এ ধারাবাহিকতায় এবার প্লাটফর্মটির বড় বাজার ভারতেও সুবিধাটি বন্ধ করে দেয়া হলো। গতকাল এক বিবৃতিতে এমনটা জানিয়েছে নেটফ্লিক্স। খবর বিবিসি। 

বিবৃতিতে বলা হয়, এখন থেকে ভারতীয় গ্রাহকরা অন্যদের পাসওয়ার্ড শেয়ার করে প্লাটফর্মটিতে সিনেমা-ওয়েব সিরিজ দেখার সুযোগ করে দিতে পারবে না। অর্থাৎ একজন একই সময়ে একটি মাত্র ডিভাইসেই প্লাটফর্মটিতে লগইন করতে পারবেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯ মহামারীর পরই নেটফ্লিক্সের আয় কমতে শুরু করে। আয় ও গ্রাহক বাড়াতে বিশ্বজুড়ে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের উদ্যোগ নেয় কোম্পানিটি। এর অংশ হিসেবেই ভারতে সুবিধাটি বন্ধ করে দেয়া হলো। বিবৃতিতে বলা হয়, যিনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবেন তার পরিবারের সদস্যরাই শুধু ওটিটি প্লাটফর্মটি দেখতে পারবেন। গ্রাহক যদি বাড়ির বাইরেও থাকেন তাহলেও এ সুবিধা পাবেন। একটি অ্যাকাউন্টে একটি ডিভাইস দিয়ে লগইন করা যাবে। পাসওয়ার্ড শেয়ারিং রুখতে একটি নতুন ফিচারও যুক্ত করা হচ্ছে ওটিটি প্লাটফর্মটিতে।