জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের ফিশিং প্রতারণা শুরু করেছে সাইবার অপরাধীরা। ভুয়া টেমপ্লেট দেখিয়ে তারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করছে বলে প্রযুক্তিবিষয়ক একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, এতে ব্যবহারকারীদের অ্যাপল আইডিসহ গুরুত্বপূর্ণ নানা তথ্য ঝুঁকির মুখে পড়ছে। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।
প্রতারকরা প্রথমে ভুয়া ক্যাপকাট টেমপ্লেট তৈরি করছে। এরপর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এসব টেমপ্লেটে ক্লিক করলে ব্যবহারকারীরা চলে যাচ্ছেন প্রতারণামূলক লগ ইন পেজে। ওই পেজগুলো দেখতে আসল লগ ইন পেজের মতোই। ফলে অনেকেই বুঝতে না পেরে সেখানে নিজের তথ্য দিয়ে দিচ্ছেন। এতে তাদের তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে।
ক্যাপকাট অ্যাপটি তৈরি করেছে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। বিশ্বের বহু কনটেন্ট নির্মাতা এ অ্যাপ ব্যবহার করেন। প্রতারকরা এ জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে। নতুন টেমপ্লেট বা আকর্ষণীয় এডিটিং টুল দেখিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে তারা।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্ভরযোগ্য অ্যাপের আড়ালে লুকিয়ে থাকা এ ধরনের প্রতারণা আরো বেশি বিপজ্জনক। নতুন টেমপ্লেটের আকর্ষণ দেখিয়ে সহজেই ব্যবহারকারীদের ফাঁদে ফেলা যাচ্ছে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো লগ ইন পেজে তথ্য দেয়ার আগে ওয়েব ঠিকানা ভালো করে মিলিয়ে নিতে হবে। ওয়েব ঠিকানায় সুরক্ষার চিহ্ন রয়েছে কিনা, ঠিকানাটি আসল কিনা, তা যাচাই করতে হবে।
বিশেষজ্ঞরা আরো বলছেন, সব অ্যাকাউন্টে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা উচিত। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও তথ্য সুরক্ষিত থাকবে। পাশাপাশি তারা বলছেন, সাইবার হুমকি সবসময় নতুনভাবে রূপ নিচ্ছে। তাই কোনো লিংকে ক্লিক করার আগে বা লগ ইন তথ্য দেয়ার আগে সতর্ক হওয়া জরুরি।










