বিশ্বব্যাপী ৪৫ কোটির বেশি মানুষ স্মার্টওয়াচ ব্যবহার করছে। চলতি দশক শেষে ২০২৯ সালে এ সংখ্যা ৭৪ কোটি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে জার্মানিভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টা। সংস্থাটির তথ্যানুযায়ী, বর্তমানে বৈশ্বিক স্মার্টওয়াচের বাজারমূল্য ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি। বাজারটি ২০২৫-৩৫ সালের মধ্যে বছরে গড় ১০ দশমিক ০৫ শতাংশ হারে বাড়বে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ডিমান্ডসেইজ।
বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, বৈশ্বিক স্মার্টওয়াচের বাজারে শীর্ষে রয়েছে হুয়াওয়ে। চীনা কোম্পানিটির বাজার হিস্যা ২১ শতাংশ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক স্মার্টওয়াচের বাজারে অ্যাপলকে টপকে শীর্ষস্থান দখল করেছে হুয়াওয়ে। এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চীনের বাজারের। তালিকায় এরপর আছে অ্যাপল ও স্যামসাং।
বাজার বিশ্লেষক আনশিকা জৈন জানিয়েছেন, চলতি বছর বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে হুয়াওয়ে ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা শীর্ষ ১০ ব্র্যান্ডের মধ্যে সর্বোচ্চ। চীনা বাজারে শক্তিশালী চাহিদা, পণ্যের বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক দামের কারণে হুয়াওয়ে অ্যাপলকে টপকে বৈশ্বিক বাজারে শীর্ষে উঠে এসেছে।
পাশাপাশি এপ্রিল-জুন প্রান্তিকে সব মিলিয়ে বিশ্বব্যাপী স্মার্টওয়াচ বিক্রি বেড়েছে ৮ শতাংশ। যদিও এর আগে স্মার্টওয়াচ বিক্রিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত বছর থেকে শুরু করে চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) প্রবৃদ্ধি দেখেনি বাজারটি। এর কারণ জানিয়েছেন সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক লিও গেবির।
তার মতে, স্মার্টওয়াচ এখন আর নতুন কোনো প্রযুক্তিপণ্য নয়। এছাড়া প্রতি বছর স্মার্টওয়াচে বড় কোনো নতুন ফিচার আসছে না। শুধু আগের ফিচারগুলোরই ছোটখাটো পরিমার্জন হচ্ছে। ফলে নতুন করে ডিভাইস কেনার প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমছে।
তবে বৈশ্বিক ওয়্যারেবল ব্যান্ড বাজারের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্মার্টওয়াচ। ওমডিয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বাজারটির আকার ৮ শতাংশ বাড়বে এবং আগামী বছর বাড়বে আরো ৯ শতাংশ। এ বাজারের মূল চালক হবে স্মার্টওয়াচ।
গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীদের প্রায় ৯২ শতাংশ তাদের স্মার্টওয়াচকে স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করেন।
বিশ্লেষকরা বলছেন, ভোক্তারা স্মার্টওয়াচকে কেবল ঘড়ি হিসেবে ব্যবহার করছে না। তারা এটি ফিটনেস, যোগাযোগ, কেনাকাটা ও নেভিগেশনের সুবিধা সংযুক্ত একটি ‘একের মধ্যে সব’ ডিভাইস হিসেবে দেখছেন। সিসিএস ইনসাইটসের পূর্বাভাস বলছে, ২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী ৪০ কোটির বেশি স্মার্টওয়াচ বিক্রি হবে। গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ স্মার্টওয়াচ ব্যবহারকারী মনে করেন ডিভাইসগুলো তাদের ফিটনেসবিষয়ক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলেছে, যেখানে স্মার্টওয়াচ একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।










