শহরে যারা বসবাস করে তাদের জীবনের অন্যতম একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে
রাইড শেয়ারিং সার্ভিস। কম সময়ে, নিরাপদে ও স্বস্তির সঙ্গে যাতায়াতের জন্য এ সার্ভিসগুলো
চমৎকার। আবার যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রাইড বুক করা যায় দেখে বেশ সুবিধাজনকও।
তবে রাইড শেয়ার করার সময় কিছু জিনিস মাথায় রাখা খুবই জরুরি। তার মধ্যে অন্যতম হচ্ছে
রেটিংস সিস্টেম।
উবারের মতো রাইডশেয়ারিং প্ল্যাটফর্মগুলোর প্রতিটি ট্রিপের শেষে যাত্রী
ও চালক উভয়েই একে অপরকে রেটিং দেওয়ার সুযোগ পান। ১ থেকে ৫ স্টার পর্যন্ত রেটিং দেওয়া
যায়। প্লাটফর্মে রাইডের মান বজায় রাখার জন্য রেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে যাত্রী
ও চালক সবার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক রাইডের অভিজ্ঞতা নিশ্চিত হয়। রেটিংয়ের ক্ষেত্রে কোনো নাম প্রকাশ করা হয় না, তাই
কোনো চালক বা যাত্রীকে রেটিং করলে অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে না। তবে ভালো রেটিং
থাকার মানে হলো যাত্রীকে চালক অগ্রাধিকার দেবে। আবার চালকের রেটিং ভালো হলে যাত্রী
তাকেই পছন্দ করবে।
যাত্রী ও চালক উভয়ের ক্ষেত্রেই রেটিং কম থাকলে রাইডশেয়ারিং অ্যাপে
অ্যাক্সেস বন্ধ হয়ে যেতে পারে। একজন চালকের রেটিং যদি প্লাটফর্ম নির্ধারিত মানের চেয়ে
কম থাকে, তাহলে অফিসে ডেকে নিয়ে মতামত জানানো হতে পারে। ভালো রেটিং নিশ্চিত করতে সবসময়
গাড়ি পরিষ্কার রাখতে হবে, বারবার যাত্রীকে কল দেয়া থেকে বিরত থাকতে হবে, যথাযথভাবে
গাড়ির রক্ষণাবেক্ষণ করতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে এবং
রেটিং দেওয়ার জন্য অনুরোধ করা যাবেনা।
একজন যাত্রী হয়ে থাকলে রাইড ক্যান্সেল না করার চেষ্টা করতে হবে, সময়মতো
লোকেশনে থাকতে হবে, ভদ্র আচরণ করকে হবে এবং, গাড়ি নোংরা করা থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি,
মনে রাখতে হবে, রেটিং উভয় ক্ষেত্রেই কাজ করে। চালককে রেটিং না দিলে যাত্রীর নিজের রেটিংও
কমে যেতে পারে। স্বচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করতে চালক ও যাত্রী সবারই রেটিংয়ের গুরুত্ব
সম্পর্কে ধারণা রাখা উচিত। এতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।










