ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ও হয়রানি মোকাবেলায় নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট টুইচ। এর মাধ্যমে যেসব অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেসব অ্যাকাউন্ট যেন স্ট্রিম দেখতে না পারে সেজন্য আলাদাভাবে ব্লক করা যাবে। খবর টেকটাইমস।
২৫ লাখের বেশি সক্রিয় ভিউয়ারের প্লাটফর্ম টুইচ। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে। যে কারণে প্লাটফর্ম থেকে হয়রানি অপসারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেপ্টেম্বর নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। কনটেন্ট নির্মাতা ও ভিউয়ারদের নিয়ে টুইচের যে প্লাটফর্ম সেখানে সুস্থ-সুন্দর পরিবেশে নিশ্চিতে টুইচ যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই প্রতিফলন।
বর্তমানে স্ট্রিমাররা শুধু চ্যাটে যুক্ত না হওয়ার জন্য ইউজারদের ব্লক করতে পারে। দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন যে আপডেট আসবে তার মাধ্যমে কনটেন্ট নির্মাতা পরিপূর্ণভাবে তাদের স্ট্রিমকে সুরক্ষিত রাখতে পারবে। মডারেটররা যেসব অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে সেগুলো ব্লক করে দেয়া যাবে। কয়েক বছর ধরে টুইচ হয়রানি ও আক্রমণাত্মক বক্তব্য রোধে কাজ করে যাচ্ছে।










