সাইবার হামলার শিকার হয়েছে ডিসকর্ডের তৃতীয় পক্ষের গ্রাহকসেবা প্রদানকারী এক প্রতিষ্ঠান। ভয়েস, ভিডিও ও টেক্সট-ভিত্তিক জনপ্রিয় এ চ্যাটিং প্লাটফর্মটি সম্প্রতি এ তথ্য জানিয়েছে। অজ্ঞাত এক হ্যাকার দল হামলাটি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর দ্য ভার্জ।

ঘটনার পর ডিসকর্ড জানিয়েছে, বিষয়টি তদন্তসহ ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় প্লাটফর্মটির তথ্যনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির তথ্যানুযায়ী, সম্প্রতি ডিসকর্ডের এক তৃতীয় পক্ষের গ্রাহকসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ঘটে যাওয়া হ্যাকিংয়ের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। যদিও প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি, কিন্তু ডিসকর্ড জানিয়েছে, এক ‘অননুমোদিত পক্ষ’ ওই প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে সীমিতসংখ্যক ডিসকর্ড ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে।

ডিসকর্ড আরো জানিয়েছে, যেসব ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে, তারা মূলত প্লাটফর্মের কাস্টমার সাপোর্ট চ্যানেল ও ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের মাধ্যমে আগে গ্রাহকসেবার জন্য যোগাযোগ করেছিলেন। এ হামলার খবর পাওয়ার পরই তৃতীয় পক্ষের ওই গ্রাহকসেবা প্রতিষ্ঠানকে নিজেদের সিস্টেমে প্রবেশ করার অনুমতি বন্ধ করে দেয়া হয়েছে।

হামলায় কোন ধরনের তথ্য ফাঁস হয়েছে তার বিস্তারিত জানিয়েছে ডিসকর্ড। এতে রয়েছে ব্যবহারকারীর ইউজারনেম, ই-মেইল ও ক্রেডিট কার্ডের শেষ চার অংক।

কোম্পানি আরো জানিয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীর আইপি ঠিকানা, গ্রাহকসেবা প্রতিনিধিদের সঙ্গে হওয়া মেসেজের আলাপ ও সীমিত করপোরেট তথ্য পেতেও সক্ষম হয়েছে।

২০১৫ সালে চালু হওয়ার সময় স্কাইপ ও টিমস্পিকের মতো দুটি প্রতিষ্ঠিত অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় নামে ডিসকর্ড। অনেকের মতে, স্কাইপ ও টিমস্পিক ব্যবহারকারীদের চাহিদা পূরণে তেমন দক্ষ ছিল না, যা ডিসকর্ডকে দ্রুত জনপ্রিয়তা ও বাহবা এনে দেয়।

তবে চাহিদা খুব বেশি হওয়ায় কোম্পানিটি কয়েকবার সার্ভার ক্র্যাশের মতো সমস্যার সম্মুখীন হয়।

বিজনেস অব অ্যাপসের প্রতিবেদন বলছে, ডিসকর্ডে বর্তমানে ৬৭ লাখ সক্রিয় সার্ভার রয়েছে, যার অনেকগুলোই গেমিং-সংক্রান্ত নয়। ডিসকর্ডকে এখনো মূলত গেমারদের জন্য তৈরি একটি প্লাটফর্ম হিসেবে দেখা হয়।