মহামারী-পরবর্তী সরবরাহ সংকট ও মূল্যস্ফীতির কারণে বৈশ্বিক স্মার্টফোনের বাজারের প্রবৃদ্ধি অনেকটা নিম্নমুখী ছিল। চলতি বছর বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসাবে ৩ শতাংশ বেড়ে প্রায় ১২০ কোটি স্মার্টফোন ইউনিটে পৌঁছবে বলে পূর্বাভাস করেছে হংকংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। উদীয়মান অর্থনীতির বাজারগুলোয় মূল্যস্ফীতির চাপ কমে আসা ও প্রিমিয়াম ডিভাইসে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি সংযুক্ত করণের মাধ্যমে এ প্রবৃদ্ধি পরিচালিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।
অন্যদিকে পৃথক এক পূর্বাভাসে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) পূর্বাভাস করেছে, চলতি বছর স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসাবে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। গত সাত বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার বার্ষিক ছয়বার সংকুচিত হওয়ার পর এটি এ খাত প্রবৃদ্ধিতে ফেরার ইঙ্গিত।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির বাজারগুলো বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বিশেষ করে বাজেট সেগমেন্টের স্মার্টফোন (১৫০-২৪৯ ডলার) বিক্রি এ প্রবৃদ্ধিকে সমর্থন করবে। মূলত এ অঞ্চলগুলোয় মূল্যস্ফীতির চাপ কমে আসা ও স্থানীয় মুদ্রার স্থিতিশীলতা ভোক্তার ক্রয়ক্ষমতা পুনরুদ্ধারে সহায়তা করবে। ফলে বাজেট সেগমেন্টের স্মার্টফোনের চাহিদা বেড়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলসহ লাতিন আমেরিকার বাজারে অপো, ভিভো, শাওমি এবং ট্রানশান গ্রুপের মতো চীনা প্রস্তুতকারকদের বিনিয়োগ প্রতিযোগিতা তীব্র হয়েছে। ফলে ২০২৩ সালে পতনের পর ২০২৪ সালে বাজেট সেগমেন্টের স্মার্টফোন বিক্রি বছরে ১১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া চলতি বছর প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন (৬০০-৭৯৯ ডলার) বাজার বছরওয়ারি হিসাবে ১৭ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। জেনএআই স্মার্টফোন খাতের যেহেতু অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের পরবর্তী প্রজন্মের এআই অভিজ্ঞতা অর্জনে ভোক্তা বা গ্রাহকের আকর্ষণও বাড়ছে। প্রযুক্তিবিদরা জানান, প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়াতে অবদান রাখবে জেনএআই স্মার্টফোন ও ফোল্ডেবলের জনপ্রিয়তা।
আইডিসির পৃথক পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে ১৭ কোটি ইউনিটের বেশি জেনএআই প্রযুক্তিনির্ভর স্মার্টফোন বিক্রি হবে, যা মোট স্মার্টফোন বাজারের ১৫ শতাংশ। এটি এআইনির্ভর কম্পিউটারের বিক্রিকেও ছাড়িয়ে যেতে পারে।
কাউন্টারপয়েন্টের মতে, অ্যাপল ও হুয়াওয়ে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি ধরে রাখতে নেতৃত্ব দেবে। ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো উদীয়মান বাজারে আইফোনের চাহিদা অ্যাপলের প্রবৃদ্ধি তৈরিতে সাহায্য করবে। এদিকে কোম্পানিগুলোর মধ্যে ১৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শীর্ষে রয়েছে স্যামসাং। বছরওয়ারি হিসাবে কোম্পানির বিক্রি ১৭ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি প্রিমিয়াম সেগমেন্টকে প্রাধান্য দেয়ায় মিডরেঞ্জ ও সাশ্রয়ীমূল্যের বাজারে প্রতিযোগিতায় টিকতে পারেনি বলে জানা গেছে।










