কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন অ্যাপ ‘ডপল’ উন্মোচন করেছে গুগল। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পুরো শরীরের ছবি আপলোড করে যেকোনো পোশাক পরার অভিজ্ঞতা নিতে পারবেন। গুগল ল্যাবসের তৈরি অ্যাপটি শুরুতে গুগল সার্চের এআই মোডের একটি ফিচার হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন এটি আলাদা অ্যাপ হিসেবেই উন্মোচন করেছে টেক জায়ান্টটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
গুগলের এক ব্লগ পোস্টে বৃহস্পতিবার নতুন অ্যাপটি উন্মোচনের ঘোষণা দেয়া হয়। এর আগে গুগল আই/ও ২০২৫ আয়োজনে প্রতিষ্ঠানটি তাদের শপিং প্লাটফর্মে বেশকিছু নতুন এআই-ভিত্তিক ফিচার উপস্থাপন করে। এর মধ্যে একটি ছিল ‘ভার্চুয়াল ট্রাই-অন’, যা ব্যবহারকারীদের নিজেদের ছবিতে পোশাক পরিয়ে দেখার সুযোগ দেয়।
ডপল অ্যাপে ব্যবহারকারীকে এমন একটি ছবি আপলোড করতে হয়, যেখানে তার পুরো শরীর দেখা যাবে। এরপর গুগলের তৈরি ফ্যাশন-ভিত্তিক কাস্টম এআই মডেল ছবিটি বিশ্লেষণ করে শরীরের গঠন অনুযায়ী পোশাকের ভাঁজ, ঝুলয় ফিটিংসহ পরিধানের আদল তৈরি করে। এতে পোশাকটি গায়ে কেমন মানাবে, তা যাচাই করে এটি কিনবেন কিনা সে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।
বিশ্লেষকরা বলছেন, অনলাইনে পোশাক কেনাকাটার অন্যতম সমস্যা হলো মডেলের গায়ে ভালো লাগলেও নিজের গায়ে কেমন লাগবে, তা নিশ্চিত হওয়া যায় না। ডপল অ্যাপ এ সমস্যারই ডিজিটাল সমাধান দিতে চেষ্টা করছে।
২০২৩ সালে গুগল একটি এআই ফিচার চালু করেছিল, যেখানে বিভিন্ন গড়নের বাস্তব মডেলের গায়ে পোশাক দেখানো হতো। এতে ব্যবহারকারীরা নিজেদের মতো গড়নের মানুষের ওপর যাচাই করে পোশাকটির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ডপল সে অভিজ্ঞতাকে আরো ব্যক্তিগত করেছে।
অ্যাপটির বিশেষ দিক হলো ব্যবহারকারীরা শুধু অনলাইন শপের পোশাকই নয়, বন্ধুদের পরা জামা, কোনো স্থানীয় দোকানে দেখা পোশাক, এমনকি সোশ্যাল মিডিয়ার কোনো ছবিও আপলোড করে দেখতে পারবেন—সেটা তাদের গায়ে কেমন মানাচ্ছে।
বর্তমানে ডপল শুধু যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যান্য দেশে কবে অ্যাপটি চালু হবে, সে বিষয়ে গুগল এখনো কিছু জানায়নি।










