গ্রোক চ্যাটবটকে ভিডিও গেম বানানো শেখাতে লোকবল নিয়োগ দিচ্ছে এক্সএআই। ইলোন মাস্কের এআই সংস্থাটি নিজেদের ক্যারিয়ার পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা আছে, গেম মেকানিকস, ডিজাইন, গল্প বলার কৌশল ও ব্যবহারকারীর অভিজ্ঞতা বিষয়ে এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে ‘ভিডিও গেম টিউটর’ খুঁজছে এক্সএআই। যারা খবর ইন্ডিয়া টুডে।

কোম্পানি-সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়োগের উদ্দেশ্য গ্রোককে শুধু টেক্সটভিত্তিক কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো সৃজনশীল করে তোলা। পাশাপাশি চ্যাটবটকে আকর্ষণীয় ভিডিও গেম তৈরি করতে সক্ষম করা। এক্ষত্রে নির্বাচিত প্রার্থীরা গ্রোককে গেম বুঝতে ও শিখতে সাহায্য করবেন। সেই সঙ্গে গ্রোকের তৈরি করা গেম কনটেন্ট মূল্যায়ন ও পরিমার্জন করা, গেম মেকানিকস, স্টোরিলাইন ও ডিজাইন উপাদান নিয়ে বিশদ প্রতিক্রিয়া ও ডাটা সরবরাহ করাও টিউটরের কাজের আওতায় থাকবে।

এক্সএআই জানিয়েছে, টিউটররা কোম্পানির নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে অ্যানোটেশন ও ইনপুট দেবেন। সেই সঙ্গে সৃজনশীলতা, প্রযুক্তিগত মান ও খেলোয়াড়ের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রোকের গেম নির্মাণক্ষমতা বিচার করাও হবে টিউটরের দায়িত্ব।

বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের স্থান ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে হলেও যেকোনো জায়গা থেকে কাজের সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং ও ইলিনয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া কোনো ভিসা স্পনসরশিপও দেয়া হবে না। পাশাপাশি আবেদনকারীদের কাছে ক্রোমবুক, ম্যাকওএস ১১ বা তার পরের সংস্করণের ডিভাইস থাকতে হবে।

এ চাকরির জন্য ঘণ্টাপ্রতি বেতন ধরা হয়েছে ৪৫ থেকে ১০০ ডলার। সুযোগ-সুবিধা আবেদনকারীর দেশের ওপর নির্ভর করবে।

গত জুলাইয়ে এক্সএআইয়ের নতুন এআই ল্যাঙ্গুয়েজ মডেল গ্রোক ৪ উন্মোচন করেছেন ইলোন মাস্ক। এক লাইভস্ট্রিম ইভেন্টে তিনি একে এখন পর্যন্ত এক্সএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, গ্রোক ৪ এমন জটিল প্রকৌশল বা প্রযুক্তি সম্পর্কিত সমস্যাও সমাধান করতে পারে, যেগুলোর উত্তর সাধারণ বই বা ইন্টারনেটে পাওয়া যায় না।