অ্যান্ড্রয়েডের জন্য গুগল ভয়েস, অ্যাপলের সিরি এবং অ্যামাজনের অ্যালেক্সা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই পরিচিত। এসব অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রয়োজন ছাড়া সেভাবে কোনো কথা বলা যায় না বা সুযোগ নেই। তবে অ্যামাজন নতুন উদ্যোগের মাধ্যমে এ ধারণায় পরিবর্তন আনতে যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত হার্ডওয়্যার ইভেন্টে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর অ্যালেক্সার বিভিন্ন সক্ষমতার বিষয় উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে এর সঙ্গে স্বাভাবিক কথোপকথন। বড় বিষয় হচ্ছে শিশুরাও এখন থেকে কথোপকথন করতে পারবে।
এনগ্যাজেটে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, এক্সপ্লোর উইথ অ্যালেক্সা চালুর ঘোষণা দিয়েছে অ্যামাজন। এটি শিশুদের জন্য উপযোগী আপডেটেড চ্যাটবট। এটি বিভিন্ন পশু ও প্রকৃতি সম্পর্কে অবগত। এটি শিশুদের সঙ্গে প্রতিদিন ট্রিভিয়া গেম খেলবে বলেও জানা গেছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করায় এটি ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে সুরক্ষিত। অ্যামাজন জানায়, ছুটির আগে এক্সপ্লোর উইথ অ্যালেক্সা প্রকাশ করা হবে।
অ্যালেক্সার নতুন এ প্রযুক্তিকে সহায়তা করার জন্য শিশুদের জন্য বেশকিছু ডিভাইসও উন্মোচন করা হবে। এর মধ্যে একটি হলো ইকো পপ কিডস স্মার্ট স্পিকার। ছেলে ও মেয়েদের জন্য আলাদা দুটি মডেলের এ স্পিকার ৫০ ডলার ব্যয়ে কেনা যাবে। এর সঙ্গে পাওয়া যাবে ছয় মাস অ্যামাজনের কিডস প্লাস সাবস্ক্রিপশন সার্ভিস ব্যবহারের সুবিধা। স্পিকার ছাড়া দুটি ট্যাবলেটও বাজারজাত করবে অ্যামাজন। এর একটি ফায়ার কিডস এবং অন্যটি ফায়ার কিডস প্রো নামে পরিচিত।










