ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম বা প্লাটফর্ম হচ্ছে জুম। কভিড-১৯ মহামারীর সময় এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি নতুন একটি ঘোষণা দিয়েছে প্লাটফর্মটি। আগে অনুমতি না নিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে গ্রাহকদের তথ্য ব্যবহার করলেও সে নীতিমালায় পরিবর্তন আনছে জুম। খবর গিজমোচায়না।

কভিড-১৯ মহামারীর সময় অফিসের মিটিং, স্কুলের ক্লাস, বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য জুম ব্যবহার বেড়েছিল। সে সময় ব্যবহারকারী বাড়ায় তথ্য সংগ্রহের পরিমাণও বেড়েছিল। ফলে মহামারী-পরবর্তী সময়ে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেননা জুম অনুমতি ছাড়াই তথ্য ব্যবহার করত। জুম এর ভুল বুঝতে পারে এবং দ্রুত নীতিমালায় পরিবর্তন আনে। 

বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, এখন থেকে জুম বা অন্য কোনো কোম্পানির এআই মডেলের প্রশিক্ষণে গ্রাহকের অডিও, ভিডিও, চ্যাটসহ অন্য কোনো কনটেন্ট ব্যবহার করবে না। এমনকি কোনো সন্দেহ যেন না থাকে সেজন্য তাদের নীতিমালার সেকশন ১০-এও পরিবর্তন এনেছে। জুমের পক্ষ থেকে হাশিম নামের একজন এসব পরিবর্তনের বিষয় নিশ্চিত করেছেন।

প্রযুক্তিবিদরা জানান, নীতিমালায় পরিবর্তন আনার মাধ্যমে জুম গ্রাহকদের অভিযোগ আমলে নেয়ার বিষয়টিকে প্রকাশ্যে তুলে ধরেছে।