মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত ডকুমেন্ট, রিপোর্ট বা রিজিউমি তৈরির জন্য ব্যবহার হয়। তবে অনেকেরই অজানা, ওয়ার্ড একটি অত্যন্ত বহুমুখী টুল। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজের জন্যও সফটওয়্যারটি দারুণ উপযোগী। এতে রয়েছে নানা ধরনের টেমপ্লেট, ফন্ট ও গ্র্যাফিকসের সুবিধা। এগুলো লেখালেখির বাইরেও অনেক কাজের জন্য কার্যকরী—
ছবি এডিট
ওয়ার্ডে লেখার সঙ্গে অনেক সময় ছবি যুক্ত করা হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না এখানে কিছু উপকারী ছবি সম্পাদনা টুলও রয়েছে। ছবির সাইজ পরিবর্তন, কাটা এবং রোটেটের পাশাপাশি উজ্জ্বলতা, কন্ট্রাস্ট ও রঙের মতো বিষয়ও সামঞ্জস্য করা যায়। ওয়ার্ডে ছবি লেয়ারিং, টেক্সট যোগ করা ও এমনকি ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার সুযোগও আছে। এসব টুল ব্যবহার করতে শুধু একটি ছবি ইনসার্ট ও নির্বাচন করতে হবে। এরপর পিকচার ফরম্যাট ট্যাবে গেলেই ছবি এডিট করা যাবে।
ক্রসওয়ার্ড পাজল তৈরি
মাইক্রোসফট ওয়ার্ড সহজেই ক্রসওয়ার্ড পাজল তৈরির জন্য একটি উপকারী টুল হতে পারে। ইনসার্ট টেবিল ফিচার ব্যবহার করে পাজল গ্রিডের জন্য সারি ও কলাম তৈরি করা যাবে। ফিল কালার টুল ব্যবহার করে সেলগুলোয় রঙ দিতে হবে, যেন ফাঁকা জায়গাগুলো চিহ্নিত হয় এবং অন্য সেলগুলো ক্লু দেয়ার জন্য খালি রাখতে হবে। বক্সগুলোয় নম্বর যোগ করতে টেক্সট বক্স অথবা সরাসরি গ্রিডে ছোট ফন্ট সাইজ ব্যবহার করা যায়। ওয়ার্ডের ফন্ট, স্টাইল ও ফরম্যাটিং টুলস ব্যবহার করে একটি প্রফেশনাল ক্রসওয়ার্ড পাজল ডিজাইন করা সম্ভব। এর সঙ্গে থাকতে পারে আকর্ষণীয় শিরোনাম ও স্পষ্ট নির্দেশনা।
টেক্সট অনুবাদ
সাধারণত কম্পিউটারে টেক্সট অনুবাদের জন্য ওয়েব টুল ব্যবহার করা হয়। তবে মাইক্রোসফট ওয়ার্ডে অতিরিক্ত পদক্ষেপ বাদ দিয়ে সরাসরি ডকুমেন্টের মধ্যে টেক্সট অনুবাদ করা যায়। শুধু টেক্সটটি ডকুমেন্টে লিখতে হবে, এরপর সেটি নির্বাচন করে রিভিউ > ট্রান্সলেটে যেতে হবে। ওয়ার্ড ১০০টিরও বেশি ভাষা সমর্থন করে, তাই প্রয়োজনীয় ভাষাটি খুঁজে পাওয়া সহজ হবে।
নোট লেখা
নোট নেয়ার জন্য বিশেষ টুল থাকলেও চিন্তা ও ধারণাগুলো সঠিকভাবে সাজানোর একটি চমৎকার বিকল্প হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড। হেডিং, বুলেট পয়েন্ট এবং নম্বর লিস্টের মতো ফিচারের মাধ্যমে সহজে পড়ার উপযোগী ও সুনির্দিষ্ট নোট তৈরি করা যায়। ওয়ার্ডে ভয়েস টাইপিং ফিচারও রয়েছে। ফলে হাতে না লিখে নোট নেয়ারও সুযোগ থাকছে। এছাড়া ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ওয়ানড্রাইভের মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে নিজের নোটটি পাওয়া যাবে।
অডিও ট্রান্সক্রাইব
ওয়ার্ডের ট্রান্সক্রিপশন টুল দিয়ে সহজেই অডিওকে লিখিত টেক্সটে রূপান্তর করা যায়। ফলে ম্যানুয়ালি ট্রান্সক্রিপশন করার ঝামেলা থেকে মুক্তি মেলে। হোম > ডিকটেট > ট্রান্সক্রাইবে গিয়ে অডিও ফাইলটি আপলোড করতে হবে। ওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রান্সক্রিপ্ট তৈরি করবে, এরপর চাইলে সেটি নিজের মতো সম্পাদনাও করা যাবে। ফিচারটি মিটিং, লেকচার, ইন্টারভিউ বা পডকাস্ট ট্রান্সক্রাইবের জন্য আদর্শ।
এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ই-বুক ডিজাইন এবং লেবেল ও স্টিকার তৈরি করা যায়। —মেকইউজঅব










