তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্য বিতরণকে সহজ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা করেছে হুয়াওয়ে ই-কিট। হুয়াওয়ের সাব-ব্র্যান্ডটি আইসিটি পণ্যের জন্য একটি সহজ সরবরাহ চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে থাকে। সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ প্রক্রিয়ায় হুয়াওয়ে ই-কিটের সঙ্গে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড ও ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড। সংস্থা তিনটি যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফ্লো টেকনোলজিসের সাউথ এশিয়া চ্যানেল্স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ, এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা এবং  হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ।

মূলত এসএমই গ্রাহক ও সহযোগীদের জন্যই হুয়াওয়ে ই-কিট সাব-ব্র্যান্ড কাজ করবে। এসএমই বাজারে উন্নয়নের ক্ষেত্রে হাজারো প্রতিষ্ঠানকে ডিজিটাল হতে সহায়তা করবে।

কৌশল্যা নারায়ণ বলেন, ‘হুয়াওয়ে ই-কিট চালুর অনেক কৌশলগত গুরুত্ব রয়েছে। কেননা এটি বিতরণকারী প্রতিষ্ঠান ও খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে। হুয়াওয়ে ই-কিটকে সঙ্গে নিয়ে আমরা সহযোগিতামূলক প্রবৃদ্ধিতে বিশ্বাস করি।’

এক্সেল টেকনোলজিস লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘হুয়াওয়ে ই-কিটের সঙ্গে সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা আনন্দিত। অত্যাধুনিক আইসিটি সলিউশনস প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এ সাব-ব্র্যান্ডের সঙ্গে আমরা একত্রে কাজ করব। এটি আমাদের দেশের টেকনোলজি ডিস্ট্রিবিউশন বা প্রযুক্তি বিতরণের প্রচলিত ধারাকে বদলে দেবে।’

হুয়াওয়ের এলেন লিউ বলেন, হুয়াওয়ে একটি সাব-ব্র্যান্ড চালু করেছে। এটি খুচরা বাজারে আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনারদের মাধ্যমে উদ্ভাবনী আইসিটি পণ্যগুলোকে নিয়ে আসবে। খুচরা ব্যবসায়ের প্রবৃদ্ধি নিশ্চিতে ব্যবসায়ীদের জন্য এ সাব-ব্র্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’