২০২২ সালে ৫৪০ কোটি ডলারে টাওয়ার সেমিকন্ডাক্টর অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, অধিগ্রহণের জন্য নিয়ন্ত্রকদের যে অনুমতির প্রয়োজন চীন থেকে তা যথাসময়ে পায়নি কোম্পানিটি। যে কারণে অধিগ্রহণের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইন্টেল। খবর এনগ্যাজেট।
টাওয়ার সেমিকন্ডাক্টর বিশ্বের বিভিন্ন শিল্প খাতের জন্য বিভিন্ন ধরনের চিপ তৈরি করে থাকে। যে কারণে বর্তমানে বাজার নিয়ন্ত্রণে রাখা তাইওয়ানের টিএসএমসিসহ অন্য কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ও ফাউন্ড্রি ব্যবসার পরিধি বাড়াতে ইন্টেল এ কোম্পানি অধিগ্রহণ করতে চেয়েছিল।
টাওয়ার সেমিকন্ডাক্টরের সাতটি ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি রয়েছে। এগুলোয় ৬,৮ ও ১২ ইঞ্চির চিপ ওয়াফার তৈরি করা হয়। কোম্পানিটি উন্নত প্রযুক্তির মোবাইল বা অন্য কিছু তৈরি করে না। তবে এর গ্রাহকের সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় না। এর পরিবর্তে কোম্পানিটি গাড়ি উৎপাদনকারী, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, মেডিকেল খাত ও অন্যদের জন্য বড় পরিসরে চিপ তৈরি করে থাকে।
টাওয়ার সেমিকন্ডাক্টর অধিগ্রহণের আগে ইন্টেল আরো বড় চিপ উৎপাদনকারী কোম্পানি গ্লোবাল ফাউন্ড্রিজ অধিগ্রহণের বিষয়েও আলোচনা করেছে। অধিগ্রহণের জন্য ৩ হাজার কোটি ডলার নির্ধারণও করা হয়েছিল। ২০২১ সালে ইন্টেল আলাদাভাবে এর ফাউন্ড্রি সার্ভিস ব্যবসা চালু করেছে।










